চট্টগ্রামের নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র আশুরা, দুর্গাপূজা ও চট্টগ্রামে ইংল্যান্ড দলের ক্রিকেট ম্যাচকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তিনটি আয়োজনকে ঘিরে নেওয়া নিরাপত্তার বিষয়ে গতকাল চট্টগ্রাম নগর পুলিশ সংবাদ সম্মেলন করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
ইকবাল বাহার বলেন, বাংলাদেশ ও ইংল্যান্ড দলের খেলোয়াড়দের ভিআইপি মর্যাদায় নিরাপত্তা দেওয়া হবে। হোটেল থেকে খেলার মাঠে তাদের আসা-যাওয়া থেকে শুরু করে সার্বক্ষণিক ছয় স্তরের নিরাপত্তা থাকবে। পুলিশ, র্যাবের পাশাপাশি সোয়াত, বোমা নিষ্ক্রিয়করণ দল, ফায়ার সার্ভিস, সিআইডির ক্রাইম সিন ইউনিটও প্রস্তুত থাকবে। তবে সোয়াত টিমকে মাঠে নামানো হবে না। তারা পুলিশ লাইনে থাকবে।
খেলার মাঠে প্রবেশের আগে ব্যাগ, পানীয়সহ কোনো কিছু না নিতে দর্শকদের অনুরোধ করেন নগর পুলিশ কমিশনার। তিনি বলেন, গ্যালারিতে ১৪টি দোকান থাকবে। সেখান থেকে দর্শকেরা তাঁদের প্রয়োজনীয় খাবার কিনে নিতে পারবেন। নিরাপত্তার স্বার্থে কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। জাতীয় পতাকা হাতে নিতে পারলেও লাঠি নিয়ে কোনো পতাকা নেওয়া যাবে না। খেলার দিন আটটি ফটক দিয়ে দর্শকদের মাঠে ঢোকানো হবে। প্রয়োজনে অন্য ফটকগুলোও খোলা হবে।
১২ অক্টোবর বাংলাদেশ ও ইংল্যান্ড দলের একদিনের একটি ওয়ানডে ম্যাচ এবং ২০ থেকে ২৪ অক্টোবর একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার। নগরে ২৩১ পূজামণ্ডপকে তিনটি ভাগে ভাগ করে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
১২ অক্টোবর পবিত্র আশুরার দিন নগরে নয়টি তাজিয়া মিছিল হবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ওই দিন বিকেল সাড়ে পাঁচটার মধ্যে মিছিল শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাতে ছুরি, শিকল নিয়ে মিছিলে যোগ না দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোরভাবে বলা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সালেহ মোহাম্মদ তানভীর, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রমুখ।