চট্টগ্রামের নির্বাচন বিএনপির হরতাল নিয়ে কথা বললেন না মুজাহিদ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে চারদলীয় জোটের বিএনপি ছাড়া অন্য শরিকদের নিয়ে পৃথক প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াত কি তাহলে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে? জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এ প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেন, ‘আমার এক শিক্ষক বলেছেন, যে বিষয়ে পরীক্ষা দাও তার পরিবর্তে অন্য বিষয়ের উত্তর দিলে নেগেটিভ (ঋণাত্মক) নাম্বার পাবে।’গতকাল মঙ্গলবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত। বিএনপি আহূত হরতালে সমর্থন আছে কি না, জানতে চাইলে মুজাহিদ বলেন, যে বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, তার বাইরে তিনি কথা বলবেন না। গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের আক্রমণে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হন। এরপর রাজশাহী জামায়াতের কয়েকজন নেতাসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিবিরের কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। জামায়াত ও শিবিরের গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই সংবাদ সম্মেলন ডাকে জামায়াত।লিখিত বক্তব্যে মুজাহিদ দাবি করেন, ৮ ফেব্রুয়ারির ওই ঘটনার পর থেকে সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগরে বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করে রেখেছে। সেখানে গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই। পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের ক্যাডার বাহিনী বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে চলছে লুটপাট। মুজাহিদ দাবি করেন, ওই ঘটনার পর পুলিশ বিনা কারণে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। সংবাদ সম্মেলনে তিনি সাত দফা দাবি জানান। এর মধ্যে আছে, শিবিরের আটক সব নেতা-কর্মী এবং রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান, সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি সিদ্দিক হোসাইন, পবা উপজেলার চেয়ারম্যান মকবুল হোসাইনসহ জামায়াত কর্মীদের মুক্তি দেওয়া।অন্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, রাজশাহীর শিবিরের নেতা শরীফুজ্জামান নোমানী, ছাত্রলীগের নেতা ফারুক হোসেন ও চাঁপাইনবাবগঞ্জের শিবিরের নেতা হাফিজুর রহমানসহ সব ছাত্র হত্যার বিচারবিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া।