চট্টগ্রামের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আওয়ামী লীগের নেতাদের মধ্যে দূরত্ব কমানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এ উদ্যোগ হিসেবে তিনি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে চট্টগ্রামের নেতাদের নিয়ে বৈঠক করবেন। আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে নেতাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামাতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। সূত্র জানায়, আজকের বৈঠকে দলীয় নেতা আতাউর রহমান খান কায়সার, মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নূরুল ইসলাম বিএসসি, মোশাররফ হোসেন, আখতারুজ্জামান চৌধুরী, রেজাউল করিম চৌধুরী এবং আ জ ম নাছির উপস্থিত থাকবেন। এ ছাড়া চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, মহানগরের চার আসনের সাংসদ এবং সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের যেসব নেতা মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদেরও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সূত্র আরও জানায়, সিটি করপোরেশনের নির্বাচনের আগে কোন্দল মিটিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে একসঙ্গে কাজ করতে চট্টগ্রামের আওয়ামী লীগের নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। মেয়র পদে দলের নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রার্থিতা ঘোষণার পর কোন্দল চাঙা হয়। নূরুল ইসলাম ও সাংসদ এম আবদুল লতিফের সঙ্গে মহিউদ্দিনের বিরোধ প্রকাশ্য হয়েছে। মহিউদ্দিনের সঙ্গে আখতারুজ্জামান চৌধুরী ও আ জ ম নাছিরেরও বিরোধ আছে। তাঁদের বিরোধ মিটিয়ে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ রাখতেই প্রধানমন্ত্রী এ বৈঠক ডেকেছেন।এ সম্পর্কে দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করতেই এ বৈঠক ডাকা হয়েছে।ঢাকার পথে চট্টগ্রামের নেতারা: আমাদের নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, গতকাল বিকেলেই চট্টগ্রামের আওয়ামী লীগের একাধিক নেতা সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। মহিউদ্দিন চৌধুরী আজ সকালে বিমানযোগে ঢাকা যাবেন বলে জানিয়েছেন। সাংসদ আখতারুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি তিন দিন আগে থেকে ঢাকায় আছি। গণভবনে যাওয়ার আমন্ত্রণ পেয়েছি।’ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোশাররফ হোসেনও গতকাল ঢাকায় গেছেন বলে জানা যায়। তবে চট্টগ্রাম নগরে দলীয় চার সাংসদের মধ্যে নূরুল ইসলাম ও আবদুল লতিফ বিদেশে রয়েছেন। নূরুল ইসলামের ব্যক্তিগত সহকারী নিয়াজ মোরশেদ জানান, দেশে ফিরতে তাঁর এক সপ্তাহ লাগবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী গতকাল সন্ধ্যায় বলেন, ‘নেত্রী ডেকেছেন, তাই এখন ঢাকার পথে রয়েছি। তিনি চট্টগ্রাম আওয়ামী লীগের কোন্দল নিয়ে কথা বললে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। আগে চট্টগ্রামের আওয়ামী লীগ মানেই মহিউদ্দিন চৌধুরীকে মনে করা হতো। এখন যে সে অবস্থা নেই তা সবাই বুঝতে পেরেছেন। তাই আমাদের ঢাকায় ডাকা হয়েছে।’দলীয় কোন্দল সম্পর্কে রেজাউল করিম বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন মেয়র মহিউদ্দিন চৌধুরীই মহানগর থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে কোন্দল ছড়িয়ে দিয়েছেন। কাজেই এ কোন্দলের দায় তাঁর। তবে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘দলের শীর্ষ নেতাদের কাজই হচ্ছে আমাদের সঙ্গে কথা বলা। দলীয় সভানেত্রী আমাদের ডেকেছেন, তাই আমরা ঢাকা যাচ্ছি। তবে দলে এ মুহূর্তে কোনো কোন্দল নেই।’