চট্টগ্রামের নয়টি উপজেলায় বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ১০টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা হলেও বিএনপি এখনো নয়টিতে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। একটি উপজেলায় এলডিপিকে সমর্থন দিয়েছে বিএনপি। সাতকানিয়ায় বিএনপির একজন নেতা মনোনয়নপত্র দাখিল করলেও সেখানে জামায়াত বিএনপির সমর্থনের অপেক্ষায় আছে বলে জানা গেছে। বাকি আটটি উপজেলায় বিএনপির দুই বা ততোধিক নেতা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এর আগে দুই দফার নির্বাচনে চট্টগ্রামের চারটি উপজেলার মধ্যে বিএনপি তিনটিতে এবং জামায়াত একটিতে জয়ী হয়। ২০০৯ সালের নির্বাচনে এই চারটির মধ্যে আওয়ামী লীগ দুটিতে জিতেছিল।
বিএনপি সূত্র জানায়, দু-এক দিনের মধ্যে চট্টগ্রামের নয়টি উপজেলায় প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেবে বিএনপি। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে বিএনপি-সমর্থিত কোনো প্রার্থী থাকবে না। সেখানে এলডিপির একজন নেতাকে বিএনপি সমর্থন দিয়েছে।
সূত্র জানায়, আটটি উপজেলার মধ্যে রাউজানে তিনজন, রাঙ্গুনিয়ায় চারজন, ফটিকছড়িতে তিনজন, সীতাকুণ্ডে দুজন, সন্দ্বীপে তিনজন, বাঁশখালীতে দুজন, বোয়ালখালীতে দুজন ও ফটিকছড়িতে দুজন মনোনয়নপত্র দাখিল করে প্রচারণা চালাচ্ছেন। সাতকানিয়ায় বিএনপির কেবল একজন নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। সেখানে জামায়াতের শক্তিশালী অবস্থান রয়েছে। জামায়াতের একজন নারীনেত্রীসহ দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁদের মধ্যে একজনকে চূড়ান্তভাবে সমর্থন দেবে জামায়াত। এরপর জামায়াত এ উপজেলায় বিএনপির সমর্থনের জন্য অপেক্ষা করবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘নয়টি উপজেলায় প্রার্থী কাকে দেব, সেটা চূড়ান্ত করে ঘোষণা দিতে আরও দু-এক দিন সময় লাগবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রার্থী এবং এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে ঐকমত্য সৃষ্টিরও সুযোগ দিয়েছি, যাতে তাঁরা এককভাবে একজনকে সর্বসম্মত সমর্থন দেন।’ তিনি আরও বলেন, ‘সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে বিএনপি সমর্থন দেবে, যাতে আমাদের প্রার্থী জয়ী হয়ে আসতে পারেন।’
বিএনপি সূত্র জানায়, সাতকানিয়ায় জামায়াতকে ছাড় দিতে রাজি নন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। কারণ, বিএনপির যে নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁর গ্রহণযোগ্যতা এলাকায় বেশি বলে তৃণমূলের নেতা-কর্মীদের অভিমত।
সাতকানিয়ায় মনোনয়নপত্র দাখিল করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মো. মহিউদ্দিন। তাঁকে ইতিমধ্যে এলডিপি সমর্থন দিয়েছে। তিনি জামায়াতের সমর্থন পাওয়ারও চেষ্টা করছেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সাতকানিয়ায় জামায়াতের চেয়ে আমাদের প্রার্থী অনেক শক্তিশালী। তৃণমূলের নেতা-কর্মীরাও বিএনপি-সমর্থিত প্রার্থী চাচ্ছে। তবে সেখানে আমরা কাকে সমর্থন দেব, সেটা জানতে আরও দু-এক দিন অপেক্ষা করতে হবে।’
শেখ মো. মহিউদ্দিন বলেন, ‘জামায়াত উচ্চপর্যায়ে বিএনপির সমর্থন চাইলেও চাইতে পারে। তবে আমি এলডিপির সমর্থন পেয়েছি। জামায়াতেরও সমর্থন চাই।’
প্রসঙ্গত, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন চারদলীয় জোট ২৯৯ আসনে একক প্রার্থী দিয়েছিল। সাতকানিয়ার আসনটি ছিল উন্মুক্ত। সেখানে বিএনপির তৎকালীন নেতা অলি আহমদ এবং জামায়াতের শাহজাহান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জয়ী হন শাহজাহান চৌধুরী। এর জের ধরে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে অলি আহমদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে ২০০৬ সালে বিএনপি ছেড়ে অলি আহমদ নতুন রাজনৈতিক দল গঠন করেন।