চট্টগ্রামের পটিয়ায় আন্ত-উপজেলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হচ্ছে আজ
চট্টগ্রামের পটিয়ায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে আন্ত-উপজেলা (অনূর্ধ্ব-১৮) ফুটবল প্রতিযোগিতা। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
আজ শুক্রবার বেলা তিনটায় পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধন করবেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম।
কনফিডেন্স সিমেন্ট আন্ত-উপজেলা ফুটবল প্রতিযোগিতার আজ উদ্বোধনী খেলায় অংশ নেবে পটিয়া উপজেলা ও বোয়ালখালী উপজেলা। চট্টগ্রামের ১৪টি উপজেলার ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সিজেকেএসের নির্বাহী সদস্য প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। চারটি ভেন্যুতে এ খেলা হবে।
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দলের ম্যানেজার সৈয়দ সাইফুল ইসলাম ও কোচ আবুল কালাম বলেন, এই প্রতিযোগিতার জন্য পটিয়া দলে ২২ জন খেলোয়াড় নির্বাচন করেছেন তাঁরা।