চট্টগ্রামের পতেঙ্গায় বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে অগ্রাধিকার ভিত্তিতে পতেঙ্গা উপকূলে বে-টার্মিনাল (জাহাজে পণ্য ওঠানো-নামানোর জেটি) নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে চট্টগ্রাম চেম্বার। চেম্বারের বন্দর ও জাহাজীকরণ-বিষয়ক স্থায়ী উপকমিটির সভায় এই তাগিদ দেওয়া হয়।
গতকাল বুধবার চট্টগ্রাম চেম্বারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত মঙ্গলবার চেম্বার ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ। সভায় বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে পোশাক রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে পতেঙ্গা উপকূলে বে-টার্মিনাল নির্মাণের পরিকল্পনা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন জরুরি।
সভায় বলা হয়, কোনো কোনো মহল প্রস্তাবিত টার্মিনাল নির্মাণের জায়গায় আবাসিক প্রকল্প করার চেষ্টা করছে। অথচ আবাসিক প্রকল্পের জন্য বন্দরে অনেক জায়গা আছে। কিন্তু বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গাই সবচেয়ে উপযুক্ত।