চট্টগ্রামের পশ্চিম খুলশীতে ওয়াসার পানি সরবরাহের দাবি
বছরের পর বছর ওয়াসার পানি থেকে বঞ্চিত রয়েছেন পশ্চিম খুলশী আবাসিক এলাকার কয়েক হাজার গ্রাহক। পানির অভাবে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে এসব বাসিন্দার। ওয়াসার কাছে ধরনা দিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পশ্চিম খুলশী আবাসিক এলাকা বাড়ি মালিক কল্যাণ সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সভাপতি মো. ফখরুদ্দিন চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. নুরুন নবী ভূঁইয়া, সাবেক সভাপতি নুরুল হক, সমিতির কোষাধ্যক্ষ মাসরুজ্জামান মুকুট প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, পশ্চিম খুলশী আবাসিক এলাকার কয়েক হাজার বৈধ গ্রাহক পানি না পেলেও নিয়মিত পানির বিল পরিশোধ করছেন। এলাকাটি একটু উঁচু হওয়ায় বরাবরই এর বাসিন্দারা ওয়াসার পানি থেকে বঞ্চিত হচ্ছেন।