চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় শীতলীকরণ কেন্দ্র হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পশ্চিম পটিয়া এলাকায় ডেইরি খামারিদের দুধ সংরক্ষণের জন্য শীতলীকরণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এই কেন্দ্র স্থাপন করবে। এতে দুধ উৎপাদনকারীদের ক্ষতির আশঙ্কা কমে যাবে বলে মনে করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, কর্ণফুলী নদীর দক্ষিণ পারে দুই শতাধিক খামারে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ হাজার লিটার দুধ উৎপাদিত হয়। কিন্তু সংরক্ষণের অভাবে খামারিরা ন্যায্য মূল্য পান না বলে অভিযোগ রয়েছে। তাই পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সেখানে একটি শীতলীকরণ কেন্দ্র বসানোর উদ্যোগ নেয়।জানতে চাইলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, ‘মিল্ক ভিটার আদলে আমরা চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় শীতলীকরণ কেন্দ্র বসানোর উদ্যোগ নিয়েছি। এতে কেবল যন্ত্র বসানো বাবদ আট-দশ লাখ টাকা খরচ হতে পারে। এ ছাড়া যন্ত্র ব্যবহারের জন্য জমিরও প্রয়োজন হবে। আর যন্ত্র পরিচালনার জন্য জনবল নিয়োগ দিতে হবে।’ মিহির কান্তি মজুমদার আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা পশ্চিম পটিয়ায় যন্ত্র স্থাপন করব, যাতে দুধ উৎপাদনকারীরা উপকৃত হন। এতে দুধের ন্যায্য মূল্যও নিশ্চিত হবে। খামারিরা দুধ উৎপাদন বাড়াতে আরও উৎসাহী হবে।’ জানা গেছে, শীতলীকরণ যন্ত্রের মাধ্যমে অন্তত তিন থেকে চার দিন উৎপাদিত দুধ সংরক্ষণ করা সম্ভব হবে। এখন দুধ উৎপাদনের কয়েক ঘণ্টার মধ্যে তা বিক্রি করে দিতে হয়। নইলে পচনের আশঙ্কা রয়ে যায়। মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছেও খামারিরা জিম্মি বলে অভিযোগ রয়েছে। কয়েক বছর ধরে চট্টগ্রামের পশ্চিম পটিয়ার খামারিরা দুধ উৎপাদনে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন। শুধু সংরক্ষণের অভাবে এতদিন খামারিরা ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছেন। চট্টগ্রাম মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বনজ কুমার মজুমদার খামারিদের এই সাফল্য দেখে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর হস্তক্ষেপেই মন্ত্রণালয় সেখানে শীতলীকরণ যন্ত্র বসানোর উদ্যোগ নেয় বলে জানা গেছে। পশ্চিম পটিয়ার খাজা ডেইরি অ্যান্ড লেয়ার কমপ্লেক্সের মালিক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি দুধের দাম বেড়ে ৪৫ টাকায় উন্নীত হয়েছে। এর আগে ৩২ থেকে ৩৫ টাকা দরে আমরা দুধ বিক্রি করে আসছিলাম। আর বর্ষাকালে আমাদের দুঃখের সীমা ছিল না। কারণ, ওই সময় ক্রেতারা নিয়মিত দুধ নিতে আসতেন না। শীতলীকরণ যন্ত্র বসানো হলে আমাদের দুঃখ কেটে যাবে। আমরাও দুধের ন্যায্য মূল্য পাব বলে আশা করছি।’