চট্টগ্রামের পাঁচ ডাকাতসর্দার পুলিশের যত মাথাব্যথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জন ডাকাতসর্দার ও তাদের বাহিনীর ৩৫০ জন সদস্য চট্টগ্রামের ১৪ থানার মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালীসহ কিছু এলাকায় এক রাতেই একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে এই ডাকাত চক্র। তাদের গুলিতে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর রাতে বোয়ালখালীতে ডাকাতের গুলিতে চট্টগ্রাম ওয়াসার কর্মচারী সিদ্দিক আহমদ নিহত হন।জানা গেছে, ১১ ডাকাতসর্দারের মধ্যে দুর্ধর্ষ সোহেল ওরফে খলিল গত রোববার রাতে হাটহাজারীতে পুলিশের গুলিতে এবং মিলটন গত ২৭ অক্টোবর ফটিকছড়ির ভুজপুরে গণপিটুনিতে মারা যান। কারাগারে আছেন চারজন। তাঁরা হলেন সাতকানিয়ার হারেছ, বোয়ালখালীর আবছার, ফটিকছড়ির আমীর হোসেন ওরফে ডাকাত আলী এবং মিরসরাইয়ের ডাকাত মোশারফ।পুলিশ সূত্র জানায়, বাকি পাঁচ ডাকাতসর্দার বাইরে আছেন। তাঁরা হলেন বোয়ালখালীর কাদের, হাটহাজারীর শাহেদ, চন্দনাইশের আলী ওরফে টাক আলী ওরফে টাক্কা আলী, বাঁশখালীর জাকির ও রেজাউল করিম এবং সীতাকুণ্ডের জসিম। তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ ও গ্রেপ্তারের জন্য জেলা পুলিশ বিশেষ সেল খুলেছে। পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, বাইরে থাকা পাঁচ ডাকাতসর্দার এখন পুলিশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত শনিবার রাতেও বাঁশখালীতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। দুটি ডাকাতিই করেছেন জাকির সর্দার ও তাঁর সহযোগীরা।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন, ডাকাতেরা যেখানেই থাকুক, তাদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে কিছু পদক্ষেপের কারণে জেলায় গত জুলাই থেকে ডাকাতির হার কিছুটা কমেছে। মাসে গড়ে চার-পাঁচটির বেশি ডাকাতি হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সালের ১৮ মে চারটি অস্ত্রসহ রাউজানে গ্রেপ্তার হন জাকির। ডিসেম্বরের শেষ সপ্তাহে জামিনে বেরিয়ে তিনি বাঁশখালীতে দুটি ডাকাতির নেতৃত্ব দেন। আমরা আবার তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’গত রোববার খলিল নিহত হলেও তাঁর ঘনিষ্ঠ দলের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি শাহেদ বাইরে আছেন। খলিলের বিশাল বাহিনীর সদস্যদের শাহেদ সংগঠিত করতে পারেন বলে পুলিশ আশঙ্কা করছে। রোববার রাতে পুলিশ খলিলের একটি ডায়েরি উদ্ধার করে, যাতে ৪৬ ডাকাতের নাম লেখা আছে। শাহেদের গতিবিধির ওপর পুলিশ নজরদারি বাড়িয়েছে।পুলিশের ধারণা, কাদেরেরও ২০-২২ জনের বেশ বড় একটি বাহিনী আছে। ২০০৮ সালের ১৬ মে কাদের সর্বশেষ গ্রেপ্তার হন। এরপর জামিনে বেরিয়ে তিনি হাটহাজারী, বোয়ালখালী, রাঙ্গুনিয়া ও রাউজান এলাকায় ডাকাতির নেতৃত্ব দিচ্ছেন। বাঁশখালীর রেজাউল অনেক ডাকাতির নেতৃত্ব দেন। তবে এত দিন পুলিশ তাঁর বিষয়টি আঁচ করতে পারেনি। সম্প্রতি তাঁর নামে পুলিশ ব্যক্তিগত নথি খুলেছে। পুলিশ জানায়, চন্দনাইশ এলাকার ত্রাস হিসেবে পরিচিত আলী ওরফে টাক্কা আলীর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। ২০০৪ সালের মার্চে তিনি ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে দুই বছর কারাভোগ করেন। ২০০৬ সালে জামিনে বেরিয়ে ফের ডাকাতি শুরু করেন। নগরের বিভিন্ন রিকশা-গ্যারেজে তিনি রাত কাটান। অতিরিক্ত পুলিশ সুপার আমেনা বেগম জানান, ভুজপুরের ডাকাত আলী গত বছরের ২৪ নভেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তিনি গ্রেপ্তার হওয়ার পর ফটিকছড়ি ও পার্শ্ববর্তী ভুজপুর এলাকায় ডাকাতি কমেছে। মিরসরাইয়ের মোশাররফের বিরুদ্ধে তিনটি মামলার সন্ধান পেয়েছে পুলিশ। ২০০৭ সালের নভেম্বরে গ্রেপ্তার হয়ে ২০০৯ সালের ১৬ অক্টোবর জামিন পান তিনি। কারাগার থেকে বেরিয়ে তিনি গত নভেম্বরে মিরসরাইয়ের ১১ ও ১২ নম্বর ইউনিয়নের কয়েকটি বাড়িতে গণডাকাতির নেতৃত্ব দেন। নভেম্বরের শেষ সপ্তাহে পাহাড়তলী থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও আট সহযোগীসহ গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন।সীতাকুণ্ডের জসিম গত বছরের সেপ্টেম্বর থেকে আত্মগোপনে আছেন। এর আগে সীতাকুণ্ডে কয়েকটি ডাকাতির নেতৃত্বে ছিলেন তিনি। পরে পুলিশ তাঁর নয় সহযোগীকে গ্রেপ্তার করলে সীতাকুণ্ডে ডাকাতি কমে যায়। দুজন পঙ্গু: সাতকানিয়ার আতঙ্ক হারেছ ও বোয়ালখালীর আবছার পঙ্গু হয়ে কারাগারে আছেন। হারেছের বিরুদ্ধে ১৬টি ও আবছারের বিরুদ্ধে ১৪টি মামলা আছে। গত বছরের ২৭ নভেম্বর সাতকানিয়ার ছদাহা এলাকায় ডাকাতি করতে গিয়ে হারেছ গুরুতর জখম হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর একটি পা কেটে ফেলা হয়। ডাকাত আবছার গত বছরের ৪ আগস্ট গ্রেপ্তার হন। এর আগে গণপিটুনিতে তাঁর এক পা ভেঙে যায়। তিনি পঙ্গু অবস্থায় কারাগারে আছেন। গ্রেপ্তারের পর আবছার পুলিশকে বলেন, চট্টগ্রামে শতাধিক ডাকাতি করেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে মামলা নথিভুক্ত আছে মাত্র ১৪টি।