চট্টগ্রামের পাঁচ ভবন ভেঙে ফেলার নির্দেশ
ঝুঁকিপূর্ণ হওয়ায় চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ সিনেমা প্যালেসসহ পাঁচটি ভবনকে এক সপ্তাহের মধ্যে খালি করে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালান।
সিটি করপোরেশনের নির্বাহী হাকিম নাজিয়া শিরিনের নেতৃত্বে চট্টগ্রাম নগরের কেসি দে রোড, লালদীঘি এবং চন্দনপুরা এলাকায় ওই অভিযান চলে। এ সময় কেসি দে রোডে অবস্থিত প্রেক্ষাগৃহ সিনেমা প্যালেস সাত দিনের মধ্যে খালি করে তাঁদের ব্যবসা গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। লালদীঘি মসজিদের বিপরীতে অবস্থিত দিগম্বরী ঔষধালয়, জান অপটিক্যাল ও চট্টল ডেন্টাল নামের দেড়তলার তিনটি ভবনকেও একই নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া নগরের চন্দনপুরায় অবস্থিত পাঁচতলা ভবন পেশকারের মালিককে ভবন খালি করে দেওয়ার নির্দেশ দেন আদালত।
ভ্রাম্যমাণ আদালতের হাকিম নাজিয়া শিরিন প্রথম আলো ডটকমকে জানান, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মালিকদের ভবন খালি করে ভেঙে ফেলতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। অন্যথায় করপোরেশন নিজের উদ্যোগে এসব ভবন ভেঙে ফেলবে। তবে এর খরচ ভবনের মালিকদের বহন করতে হবে।