চট্টগ্রামের পানির সংকট এ বছরেও কাটছে না
নানা জটিলতায় বারবার পিছিয়ে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজ। এ বছর এটি শেষ হওয়ার কথা। কিন্তু প্রকল্পের কাজের ধীরগতির সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি যোগ হওয়ায় এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলে এ বছরেও চট্টগ্রামবাসীর পানির সংকট কাটছে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
১৯৮৭ সালে মোহরা পানি শোধনাগার প্রকল্প চালুর ২৬ বছর পেরিয়ে গেলেও আর কোনো নতুন প্রকল্প চালু করতে পারেনি চট্টগ্রাম ওয়াসা। যদিও পানির সমস্যা সমাধানের জন্য এর মধ্যে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে সংস্থাটি।
ওয়াসা সূত্র জানায়, পানির সংকট কাটাতে বর্তমানে তিনটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজ সবার আগে শেষ হওয়ার কথা। প্রকল্পটির কাজ ২০০৬ সালে শুরু হয়ে ২০১০ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্পটি শুরু করতেই ২০১০ সালের ফেব্রুয়ারি পেরিয়ে যায়। তিন দফা সময় বাড়ানোর পর ২০১৩ সালের ডিসেম্বরে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে শেষ হওয়ায় সম্ভাবনা না থাকায় ২০১৫ সালের জুন মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। জাইকা ও সরকারি অর্থায়নে প্রকল্পটির কাজ চলছে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের মধ্যে কাজ শেষ করে গ্রাহকের কাছে পানি পৌঁছানোর পরিকল্পনা রয়েছে ওয়াসার। কিন্তু চলমান অবরোধ-হরতালে গত তিন মাসে ২ শতাংশ কাজও করা সম্ভব হয়নি। সহিংসতার আশঙ্কায় প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো পুরোপুরি কাজ বন্ধ রেখেছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে ওয়াসার একজন কর্মকর্তা জানান, ২০১৪ সালের মে মাসের মধ্যে প্রকল্পটির প্রথম প্যাকেজের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত প্যাকেজের কাজ মাত্র ২৬.২৯ শতাংশ শেষ হয়েছে। মূলত প্যাকেজটির দায়িত্বপ্রাপ্ত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাজের ধীরগতিই দেরি হওয়ার মূল কারণ।
ওয়াসা সূত্র জানায়, তিনটি প্যাকেজের মাধ্যমে প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে প্রথম প্যাকেজে রয়েছে পানি শোধনাগার প্ল্যান্ট তৈরি, দ্বিতীয় প্যাকেজে পাইপলাইন তৈরি আর তৃতীয় প্যাকেজে জলাধার (রিজার্ভার) নির্মাণের কাজ চলছে।
আড়াই বছরে সব মিলিয়ে প্রকল্পের কাজ শেষ হয়েছে ৪৮ শতাংশ। বাকি ৫২ শতাংশ কাজ এই বছরে শেষ হবে এটি বিশ্বাস করছেন না নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার বেশ কয়েকজন কর্মকর্তা।
তবে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার ব্যাপারে এখনো আশাবাদী প্রকল্পটির পরিচালক আবদুল করিম চৌধুরী। তিনি বলেন, ‘এটি সত্য যে নানা কারণে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা যায়নি। তার পরও আশা করছি পুরোদমে কাজ চালিয়ে এই বছরেই পানি সরবরাহ শুরু করতে পারব।’