চট্টগ্রামের পাহাড় থেকে দখলদারদের উচ্ছেদের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে পাহাড় ব্যবস্থাপনা কমিটি আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে পাহাড় ব্যবস্থাপনা কমিটি আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: সৌরভ দাশ

আবারও চট্টগ্রামের পাহাড় থেকে দখলদারদের উচ্ছেদ এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৫তম সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগেও বিভিন্ন সভায় একই সিদ্ধান্ত নেওয়া হলেও সফলতা ছিল কম।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বেলা ১১টার দিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. নুরুল আমীন। সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মকবুল হোসেন ও নগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক, উপপুলিশ কমিশনার পরিতোষ ঘোষ প্রমুখ বক্তব্য  দেন।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি রোধ করতে দখলদারদের উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসন ও সিটি করপোরেশন এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে। তিনি আরও বলেন, একই সঙ্গে যারা পাহাড়ে ঝুঁকিতে অবৈধভাবে বসবাস করছে, তাদের গ্যাস, পানি, বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানকে পাহাড়ের দখলদারদের পরিষেবা প্রদান ও সহযোগিতা করা থেকে বিরত থাকার অনুরোধ করেন। তিনি আরও বলেন, সরকারি মালিকানাধীন পাহাড়ের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন পাহাড় থেকেও দখলদারদের উচ্ছেদ করা হবে। এ জন্য পাহাড়ের মালিকদের সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি পাহাড় কাটা রোধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বক্তারা আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ধসে মৃত্যু ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। অবৈধ বসতি উচ্ছেদের পাশাপাশি অতিবৃষ্টির সময় পাহাড় থেকে লোকজনকে সরিয়ে নিতে মাইকিংসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন তাঁরা।

এর আগে গত বছরের ১৫ এপ্রিল শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৪তম সভায়ও দখলদারদের পাহাড় থেকে উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছিল। একই বছরের ২ জুন অনুষ্ঠিত কমিটির বিশেষ সভায়ও উচ্ছেদের সিদ্ধান্ত হয়। গত বছর বর্ষা মৌসুমে পাঁচ শতাধিক বসতি উচ্ছেদ করা সম্ভব হয়েছিল। উচ্ছেদ করা ওসব বসতি বর্ষার পর আবার একই স্থানে বসবাস শুরু করে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘দখলদারদের বিরুদ্ধে আমাদের অবস্থান এখন কঠোর। দখলদারদের মধ্যে বিভিন্ন জনপ্রতিনিধি এবং প্রভাবশালী ব্যক্তিও রয়েছেন। এ বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনও রয়েছে। আমরা তা প্রধানমন্ত্রী দপ্তরে পাঠিয়েছি। এখন তাঁদের উচ্ছেদ করা হবে।’ এ ছাড়া পাহাড় কাটা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে তিনি জানান।

চট্টগ্রামে ৩০টির মতো পাহাড়ে এক লাখের বেশি লোক ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে। প্রতিবছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে।