চট্টগ্রামের পূজামণ্ডপে বৈচিত্র্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা সোয়া ছয়টা। বৃহস্পতিবার। চট্টগ্রাম নগরের টেরিবাজার বাই লেইন পূজামণ্ডপ। ভেতরে দর্শনার্থীরা গিজগিজ করছে। বাইরে দুই সারিতে অপেক্ষমাণ আরও অনেকে। মণ্ডপের চারপাশ কাপড়ে ঘেরা। হঠাৎ আলো নিভে গেল। আলো জ্বলে উঠল বেদির এক কোণে। সেখানে মায়ের কোলে ছোট্ট একটি শিশুর প্রতিমা। এরপর আলো পড়ল বেদির আরেক কোণে। সেখানে একটি খুঁটির সঙ্গে বাধা কিছুটা বড় হয়ে ওঠা শিশুটির প্রতিমা, যাকে নির্যাতন করছে দুজন মানুষ!
টেরিবাজার বাই লেইন পূজামণ্ডপে ‘শিশু নির্যাতন বন্ধে মায়ের আবির্ভাব’—এই থিম (বিষয়) তুলে ধরা হয়েছে। মণ্ডপে ঢুকলেই যে কারও মনে পড়বে সম্প্রতি সিলেটে নির্যাতনে শিশু সামিউল আলম রাজনের মৃত্যুর কথা। পূজামণ্ডপের সামনে মায়ের হাতে রাজনের লাশ। আলো আর আবহসংগীতে বোঝা যায় মানুষরূপী অসুরের পদধ্বনি। এরপর দেখা গেল দেবী দুর্গার আগমন। ১০ হাতে অসুর তথা শিশু নির্যাতনকারীদের দমন করলেন তিনি।
ব্যতিক্রমী এই বিষয়বস্তুর কারণে প্রতিদিন এই মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা। এ ধরনের থিম বেছে নেওয়ার কারণ জানালেন টেরিবাজার বাই লেইন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ বোস। তিনি বলেন, গত কিছুদিনে দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতনের ভয়াবহ সব ঘটনা ঘটেছে। এটি সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। মনে হচ্ছে, আবারও বোধ হয় পৃথিবীতে অসুরের আগমন ঘটছে। দেবী দুর্গা তাদের বিনাশ করেছেন। প্রতীকী এই দমনের মধ্য দিয়ে আসলে সমাজ ও সরকারকে আহ্বান জানানো হয়েছে শিশু নির্যাতন বন্ধে এগিয়ে আসার জন্য।
পঙ্কজ বোস বলেন, সাধারণ মানুষ খুব ইতিবাচকভাবে নিয়েছে বিষয়টিকে। শেষ রাতের আগে কখনোই এখানে ভিড় কমেনি। দূরদূরান্ত থেকে লোকজন একবার হলেও এই মণ্ডপ ঘুরে যাচ্ছে। পঙ্কজ বোসের কথার প্রতিধ্বনি পাওয়া গেল পাহাড়তলী থেকে মণ্ডপে ঘুরতে আসা পিংকী মহাজনের কথায়। তিনি বলেন, ‘আমি নিজেও তো মা, কোথাও শিশুর ওপর নির্যাতন হচ্ছে শুনলে বুকের ভেতরটা কেঁদে ওঠে। ব্যতিক্রমী বলে এই মণ্ডপে ঘুরতে এসেছি।’
এ ধরনের আরেকটি ব্যতিক্রমী থিম দেখা গেল পাথরঘাটা পাঁচবাড়ী পূজামণ্ডপে। সংখ্যালঘু সম্প্রদায় ও নারী নির্যাতনের প্রতিবাদ হিসেবে এ মণ্ডপের প্রতিমাগুলোর গায়ের পোশাক বিভিন্ন সংবাদপত্রের অংশ দিয়ে তৈরি করা হয়েছে। বেদির দুই কোণে নির্যাতিত নারীর প্রতিমা। বেদির পেছনে পটভূমিতে রয়েছে সংখ্যালঘু ও নারী নির্যাতনের বিভিন্ন সংবাদের প্রদর্শনী।
পাথরঘাটা পাঁচবাড়ী দুর্গাপূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ চৌধুরী বলেন, ‘এ দেশটা আর সবার মতো আমাদেরও। আমরা এ মাটির সন্তান। সংখ্যালঘু নির্যাতন ও নারী নির্যাতনের প্রতিবাদস্বরূপ সাদা-কালো রঙে আমাদের প্রতিমা সাজিয়েছি।’ তিনি বলেন, ‘এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোড়ন তুলেছে। এই মণ্ডপে সবাই এসে আমাদের ভাবনার প্রশংসা করেছেন।’
এদিকে সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল মহানবমী ও দশমীর পূজা হয়েছে। দুপুরের আগেই মণ্ডপে পূজা-অর্চনা, অনিল প্রদান ও প্রসাদ গ্রহণের মাধ্যমে নবমী ও দশমীর বিহিত পূজা শেষ হয়। সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় আরতি। আনুষ্ঠানিকতার শেষ দিনে ভক্ত ও দর্শনার্থীরা ঘুরে বেড়িয়েছেন এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে।
রহমতগঞ্জের বাসিন্দা মিনা বিশ্বাস সকালে ছেলেকে নিয়ে পূজা সারেন জে এম সেন হলের মণ্ডপে। সারা দিন নানা মণ্ডপ ঘুরে তিনি সন্ধ্যায় যোগ দেন আগ্রাবাদের গোসাইলডাঙ্গার একতা গোষ্ঠীর পূজামণ্ডপে। প্রথম আলোকে তিনি বলেন, ‘দেখতে দেখতে দিনগুলো কেটে গেল। আবারও তাঁর জন্য এক বছর অপেক্ষা করব।’
কারাগারে পূজা: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের চার দেয়ালেও দুর্গোৎসব পালন করছেন বন্দীরা। তিন দিন ধরে কারাগারে থাকা প্রায় দেড় শ বন্দী পদ্মা ভবনের একটি কক্ষে দেবী দুর্গার ছবি টাঙিয়ে পূজা করছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (জেল সুপার) ইকবাল কবীর চৌধুরী প্রথম আলোকে বলেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারের একটি কক্ষে ছবি টাঙিয়ে পূজা করছেন বন্দীরা। শারদীয় দুর্গোৎসবে প্রিয়জনের সঙ্গে দেখা করতে কারাগারে ছুটে আসছেন বন্দীদের স্বজনেরা।