চট্টগ্রামের পোশাক কারখানায় বিক্ষোভ, কর্মকর্তাদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানায় গত বুধবার সকালে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (বেপজা) কর্তৃপক্ষের নতুন বেতনকাঠামো কার্যকরের কারণে মূল বেতন কমে যাওয়ায় শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় শ্রমিকেরা কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।আহত কর্মকর্তাদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন উৎপাদন ব্যবস্থাপক তপন দাশ, সহকারী উৎপাদন ব্যবস্থাপক মুনিরা বেগম ও লাইন ইনচার্জ জামাল হোসেন। আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।প্রত্যক্ষদর্শী ও সিইপিজেড সূত্রে জানা গেছে, সিইপিজেডের ‘জিএইচ হাওয়াই ফ্যাশন’ নামের একটি বিদেশি কারখানা কর্তৃপক্ষ গত মঙ্গলবার বেতন-ভাতা পরিশোধ করে। প্রাপ্ত বেতনে অনেকের মূল বেতন কম দেখে শ্রমিকদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা গতকাল সকাল আটটার দিকে কারখানায় এসে বিক্ষোভ করে। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় তাঁরা কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। বেলা দুইটার দিকে কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও সিইপিজেড কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে আগের নিয়মে অর্থাৎ নতুন মজুরির চেয়ে বাড়তি বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলে পরিস্থিতি শান্ত হয়।সিইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আবদুর রশীদ বলেন, নতুন বেতনকাঠামো অনুযায়ী মোট বেতনের ৬০ শতাংশই হবে মূল বেতন। কিন্তু ওই কারখানায় শ্রমিকদের আগে মোট বেতনের ৭০ শতাংশ মূল বেতন দেওয়া হতো। নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন সমন্বয় করতে গিয়ে ভুল বোঝাবুঝি থেকে ঝামেলা হয়েছে।