চট্টগ্রামের প্যারেড ময়দানে গায়েবানা জানাজা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের নেতা মীর কাসেম আলীর গায়েবানা জানাজা চট্টগ্রামের প্যারেড ময়দানে করতে দেয়নি ছাত্রলীগ। গতকাল রোববার সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ময়দানের আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করেন। পরে চট্টগ্রাম পুরাতন স্টেশন এলাকায় গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াত।
মীর কাসেমের গােয়বানা জানাজাকে কেন্দ্র করে গতকাল সকাল নয়টা থেকে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা প্যারেড ময়দানের পাশে অবস্থান নেন। প্যারেড ময়দানের মালিকানা চট্টগ্রাম কলেজের। ছাত্রলীগের নেতা-কর্মীরা বেলা আড়াইটা পর্যন্ত খণ্ড খণ্ডভাবে মিছিল করেন। পরে তাঁরা মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। পরে সেখানে সমাবেশ করেন তাঁরা।
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম। সমাবেশে বক্তৃতা করেন নগর ছাত্রলীগের সহসভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি, উপসম্পাদক মিজানুর রহমান, চট্টগ্রাম কলেজের নেতা ফরহাদুল ইসলাম, মুহসিন কলেজের মোহাম্মদ নাঈম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্র মাটিতে কোনো দেশদ্রোহীর লাশ রাখা যাবে না। তাই ছাত্রলীগ প্যারেড ময়দানে মীর কাসেম আলীর জানাজা প্রতিহতের ঘোষণা দেয়। ভবিষ্যতেও যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবিরকে প্রশ্রয় বা তাঁদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।
ছাত্রলীগের বিক্ষোভের মুখে জামায়াতের নেতা-কর্মীরা গতকাল বাদ জোহর চট্টগ্রাম পুরান স্টেশনে জড়ো হন। সেখানে নগর জামায়াতের যুগ্ম সম্পাদক নুরুল আমিন ছাড়া জ্যেষ্ঠ কোনো নেতাকে দেখা যায়নি। জানাজা শেষ করে কিছুসংখ্যক নেতা-কর্মী নিউমার্কেট চত্বরে গিয়ে আজ সোমবারের হরতালের সমর্থনে স্লোগান দেন। পুলিশ বাধা দিলে তাঁরা দ্রুত সরে যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘মীর কাসেমের গায়েবানা জানাজায় জামায়াত-শিবিরের তিন শতাধিক নেতা-কর্মী অংশ নেন। এরপর কিছুসংখ্যক শিবিরের কর্মী নিউমার্কেট মোড়ে হঠাৎ হরতালের সমর্থনে স্লোগান দিয়েছিলেন। কিন্তু পুলিশ তৎপর থাকায় তাঁরা দ্রুত সটকে পড়েন।’
চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম ও মুহসিন কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে মীর কাসেমের গায়েবানা জানাজা ঠেকিয়ে দিয়েছেন। আজ (রোববার) বিকেল তিনটায় অক্সিজেন হিলভিউ আবাসিক এলাকায় জামায়াতের কিছুসংখ্যক লোক গায়েবানা জানাজা পড়ার চেষ্টা করেছিলেন। ছাত্রলীগের কর্মীরা তাঁদের ধাওয়া করে তাড়িয়ে দেন।’
এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, ‘হিলভিউ আবাসিক এলাকার মসজিদের সামনে জামায়াতের লোকজন গায়েবানার আয়োজন করে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে আয়োজকদের কাউকে দেখিনি। তবে ছাত্রলীগ সমর্থক ও স্থানীয় লোকজনকে দেখেছি। শান্তিপূর্ণ পরিবেশ দেখে আবার ফিরে আসি।’