চট্টগ্রামের প্রথম উড়ালসড়ক দুপুরেই উন্মুক্ত
চট্টগ্রামের প্রথম উড়ালসড়ক (ফ্লাইওভার) দিয়ে কন্টেইনার ও মালবাহী ট্রাক-লরি চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়ালসড়কের উদ্বোধন করেন। উদ্বোধনের ঘণ্টা দুয়েক পর দুপুরের দিকে এটি ট্রাক ও লরি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গতকাল উড়ালসড়কটি চালু হওয়ার পর বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্রসৈকত সড়কে যানজট অনেক কমে গেছে। রাস্তার পাশে দাঁড় করা ট্রাক ও লরির দীর্ঘ সারি আগের মতো নেই। ফলে সাধারণ মানুষের ভোগান্তিও অনেক কমে গেছে। বন্দর এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াছ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ট্রাক ও লরির কারণে বন্দর এলাকা যেন নরকে পরিণত হয়। উড়ালসড়ক উন্মুক্ত করে দেওয়ার পর রাস্তায় সেই যানজট এখন আর চোখে পড়ছে না। দ্রুত সময়ের মধ্যে বন্দর থেকে জিইসি মোড়ে পৌঁছে গেছি। আমাদের এলাকার লোকজন স্বস্তি পেয়েছে। বন্দর কর্মকর্তাদের মতে, বন্দর থেকে নতুন এই উড়ালসড়ক দিয়ে টোল সড়কে গাড়ি আসা-যাওয়া করবে। প্রতিদিন অন্তত ছয় হাজার গাড়ি এই সড়ক দিয়ে চলাচল করতে পারবে বলে জানান বন্দর কর্মকর্তারা। এই সরকারের আমলে ৮৫ কোটি ব্যয়ে উড়ালসড়ক নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার।