ক্রিকেট বিশ্বকাপ চলাকালে দুই দফায় ২৭ দিনের জন্য চট্টগ্রাম নগরের ফুটপাত ও সড়ক থেকে ভাসমান হকার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার হকারদের সঙ্গে সিটি করপোরেশন ও নগর পুলিশের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় হকাররা চট্টগ্রাম তথা দেশের ভাবমূর্তি রক্ষায় এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তাঁদের স্থায়ী পুনর্বাসনেরও দাবি জানান। মেয়র মোহাম্মদ মন্জুর আলম তাঁদের দাবি পূরণের আশ্বাস দিয়ে বলেন, ‘হকারদের স্থায়ী পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগ নেব। তবে দিন দিন যেহারে হকার বাড়ছে, সেটা রোধ করতে হবে।’এর আগে মেয়র ভিক্ষুকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেন বিশ্বকাপের খেলা চলাকালে নগরকে ভিক্ষুকমুক্ত রাখার। এ সময় পর্যায়ক্রমে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুকদের পুনর্বাসনের সিদ্ধান্ত হয়।১২ ফেব্রুয়ারি বাংলাদেশ-কানাডার প্রস্তুতি ম্যাচ দিয়ে চট্টগ্রামে ক্রিকেট বিশ্বকাপের যাত্রা শুরু হবে। এরপর গ্রুপ পর্বের দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ মার্চ। এই তিন ম্যাচ সামনে রেখে আজ বুধবার থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন এবং ১ থেকে ২০ মার্চ পর্যন্ত দ্বিতীয় দফায় ২০ দিন ফুটপাত ও সড়ক হকারমুক্ত রাখা হবে। বিমানবন্দর থেকে স্টেডিয়াম, অলংকার মোড়, জিইসি মোড়, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকা এর আওতায় থাকবে। তবে হকার, সিটি করপোরেশন ও পুলিশ প্রতিনিধিরা বসে আর কোন কোন এলাকা হকারমুক্ত রাখা হবে, তার সিদ্ধান্ত নেবেন।নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রায় ২০০ হকার উপস্থিত ছিলেন। সভায় ২৭ দিনের সময়সীমা আরও কিছুটা কমিয়ে আনা যায়, এ অনুরোধ করেন হকাররা।মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মো. আবুল কাশেম বলেন, ‘অন্যান্য দেশে হকারদের জন্য নির্ধারিত স্থান ও সময় থাকে। তাঁরা নিজ উদ্যোগে বসেন এবং তা পরিষ্কার করে চলে যান। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি ভিন্ন। আমরা হকারদের উচ্ছেদ করতে চাই না। কথাবার্তার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাই।’ সভা পরিচালনা করেন সিটি করপোরেশনের সচিব মো. সামশুদ্দোহা। এতে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, শ্রমিক লীগ নেতা শফর আলী, শ্রমিক দল নেতা এম নাজিম উদ্দিন, ব্যবসায়ী নেতা সালামত উল্লাহ, হকার নেতা মাসুদ রানা, নুরুল আলম প্রমুখ বক্তব্য দেন।হোটেলে মহড়া: আইসিসির কর্মকর্তা ও ক্রিকেটারদের জন্য নির্ধারিত হোটেল পেনিনসুলায় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। বিশ্বকাপের সময় জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য এ মহড়া হয়। এতে আধুনিক সরঞ্জাম সহকারে ফায়ার সার্ভিসের প্রায় ২৬ জন কর্মী অংশ নেন।বিকেলে নগরের সেন্ট মার্টিন হোটেলে অগ্নিনির্বাপণ মহড়া হয়। বিদেশি অতিথি ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এ হোটেলে থাকবেন।