চিটাগং বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে (সিবিআইএফটি) বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার কথা ভাবা হচ্ছে। তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ ইনস্টিটিউটটি পরিচালনা করে। পোশাকশিল্প খাতে দক্ষ ও বিশেষজ্ঞ কর্মী তৈরির জন্য ইনস্টিটিউটটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানান সংগঠনের নেতারা।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় সিবিআইএফটি ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান বিজিএমইএর নেতারা। সিবিআইএফটির প্রথম ব্যাচের শিক্ষার্থীদের পাসিং-আউট এবং চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি বিভাগ নিয়ে এই ইনস্টিটিউট চালু হয়। অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগ থেকে ১৪ জন এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগ থেকে ১২ জন শিক্ষার্থী বিএসসি (সম্মান) কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে তাঁরা চট্টগ্রামের সাতটি প্রতিষ্ঠানে ইন্টার্ন করছেন। সবার চাকরি নিশ্চিত হয়ে গেছে। আগামী জুলাইয়ে তাঁরা চাকরি শুরু করবেন। বর্তমানে এই ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন শ শিক্ষার্থী রয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি নাসির উদ্দীন চৌধুরী। তিনি বলেন, আগামী শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২৬ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেবেন। এই শিক্ষার্থীরাই ইনস্টিটিউটের সুনাম বয়ে আনবেন। তাঁরা একদিন পোশাক খাতের বিশেষজ্ঞ হয়ে উঠবেন। এতে দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ আনা বন্ধ হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সহসভাপতি এরশাদ উল্লাহ, বর্তমান সহসভাপতি মোহাম্মদ ফেরদৌস, পরিচালক মোহাম্মদ সাইফ উল্লাহ মনসুর, ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম সাজেদুল ইসলাম ও অধ্যক্ষ মো. আবদুল মান্নান, বিজিএমইএর সাবেক পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, এস এম চৌধুরী সেলিম, মোহাম্মদ মুসা ও হাসানুজ্জামান চৌধুরী।