চট্টগ্রামের বন্দর এলাকায় কঠিন চীবরদান অনুষ্ঠিত
চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে কঠিন চীবরদান উৎসব। নগরে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর মারমা সম্প্রদায় এই কঠিন চীবরদান অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে বন্দরের ব্যাংক কলোনির ফ্রা রং খ্রে-দ ক্যং বৌদ্ধবিহারে বসবাসকারী ভিক্ষুসংঘ এবং তিন পার্বত্য জেলার ভিক্ষুসংঘকে এই চীবরদান করা হয়। কাস্টম হাউসের পাশে বন্দর রিপাবলিক ক্লাবে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান হয়। সকালে ভিক্ষুসংঘের অংশগ্রহণে জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ভিক্ষুসংঘের প্রাতরাশ গ্রহণের পর চট্টগ্রাম কাস্টমস মোড় থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বন্দর রিপাবলিক ক্লাবে এসে শেষ হয়। দায়ক-দায়িকারা সেখানে ভিক্ষুসংঘের উদ্দেশে ভক্তিচিত্তে বিভিন্ন দানীয় দ্রব্য, সংঘদান ও চীবরদান করেন। উপাসক-উপাসিকারা ভিক্ষুসংঘের কাছ থেকে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা করেন। অনুষ্ঠানে ধর্মোদেশনা করেন যুক্তরাজ্য প্রবাসী ভদন্ত নাগাসেনা ভিক্ষু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাচ্য ভাষা বিভাগের প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু এবং তিন পার্বত্য জেলা থেকে আসা ভিক্ষুসংঘ।