চট্টগ্রামের বরকল স্কুলের খেলার মাঠে মার্কেট নির্মাণকাজে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বরকল এসজেড উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে মার্কেট নির্মাণকাজে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।

একই সঙ্গে মার্কেট নির্মাণের জন্য ভেঙে ফেলা স্কুলের সীমানাপ্রাচীর অবিলম্বে আগের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালত বলেছেন, স্কুলের ভেতরে থাকা খেলার মাঠের আকৃতি ও প্রকৃতি পরিবর্তন করা যাবে না।

রুলে স্কুলের ভেতর খেলার মাঠে বেআইনিভাবে বাণিজ্যিক মার্কেট নির্মাণ রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, পরিকল্পনাসচিব, শিক্ষাসচিব, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, স্কুলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

স্কুলের খেলার মাঠ সংরক্ষণে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে জনস্বার্থে গত সোমবার রিট আবেদনটি করেন মুক্তিযোদ্ধা ও চন্দনাইশের বাসিন্দা আবুল কালাম চৌধুরী। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আশরাফুল হাদী ও কাজী আতাউল-আল-ওসমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

পরে আইনজীবী আশরাফুল হাদী প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ওই মাঠটি মুক্তিযোদ্ধাদের ট্রেনিং গ্রাউন্ড ছিল। স্কুলের খেলার মাঠে মার্কেট হলে লেখাপড়ার পরিবেশ নষ্ট হবে। ওই স্কুল ও মাঠের ভূমির মালিক শিক্ষা বিভাগ। তাদের অনুমতি ছাড়াই স্কুলের বর্তমান ব্যবস্থাপনা কমিটি গত ডিসেম্বরে খেলার মাঠে মার্কেট নির্মাণের কাজ শুরু করে। অথচ এই কমিটির মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুসারে স্মৃতিবিজড়িত মাঠের আকার-প্রকৃতি সংরক্ষণ করতে হবে। কোনোভাবেই তা বদলানো যায় না। এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই আদেশ দেন।

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, গতকাল সরেজমিনে দেখা যায়, বরকল এস জেড উচ্চবিদ্যালয় মাঠে মার্কেট নির্মাণের কাজ চলছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাভেদ মোহাম্মদ গাউস বলেন, ‘নির্মাণকাজের ব্যাপারে আদালতের স্থগিতাদেশের বিষয়টি শুনেছি। বুধবার থেকে কাজ বন্ধ রাখা হবে।’