চট্টগ্রামের বহু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত
চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় গতকাল রোববার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। গ্যাস না থাকায় রান্নাবান্না নিয়ে নগরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। চট্টগ্রাম সেনানিবাসের কাছে একটি ২০ ইঞ্চি ব্যাসের গ্যাসপাইপ ছিদ্র হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।সারা দিন চেষ্টার পর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) প্রকৌশলী ও কারিগরি বিভাগের লোকজন রাতে গ্যাস সরবরাহ লাইনের মেরামত কাজ শেষ করে। তবে গতকাল রাত সাড়ে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত গ্যাস সংযোগ দেওয়া হয়নি।কেজিডিসিএল সূত্র জানায়, ফুটো হওয়া গ্যাস পাইপে যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ৩৩ হাজার কেভির লাইনটিতে সরবরাহ রয়েছে। কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, এটি চট্টগ্রামের অন্যতম প্রধান সঞ্চালন লাইন। ইতিমধ্যে এ লাইনের চারটি ভাল্ব বন্ধ করে দেওয়া হয়েছে। তবু সরবরাহ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। লাইন পুরোনো হওয়ায় গ্যাস নিয়ন্ত্রণে আনতে ভাল্বগুলোয় নানা সমস্যা দেখা দিচ্ছে।গ্যাসের অভাবে গতকাল সকাল থেকে নগরের বিস্তীর্ণ এলাকায় চুলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। দুপুরে জামালখান, বাকলিয়া, আন্দরকিল্লা, চকবাজার, চান্দগাঁওসহ ওই লাইনের সঙ্গে যুক্ত আশপাশের সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এসব এলাকার লোকজন দুপুরের খাবারের জন্য হোটেলে ভিড় জমায়। গ্যাস না থাকায় অনেক হোটেল লাকড়ি দিয়ে রান্না করে ক্রেতাদের কাছে খাবার সরবরাহ করে। আবার গ্যাস সরবরাহ না থাকায় দুপুরের পর অনেক হোটেলে বিক্রি বন্ধ করে দেওয়া হয়।আন্দরকিল্লা মোড়ের হোটেল চৌরঙ্গির মালিক মো. হেলাল উদ্দিন বলেন, ‘দুপুরে হঠাৎ করে শত শত মানুষ বাসার জন্য প্যাকেটে করে দুপুরের খাবার নিতে আসেন। কিন্তু গ্যাসের অভাবে এত মানুষকে খাবার সরবরাহ করা সম্ভব হয়নি।’ পরিস্থিতি মোকাবিলা করতে বিকল্প লাইন থেকে সন্ধ্যার দিকে বিভিন্ন বাসাবাড়িতে সীমিত আকারে গ্যাস সরবরাহ দেওয়া হয়। ফলে গতকাল সন্ধ্যা নাগাদ কিছু কিছু এলাকায় গ্যাসসংযোগ পাওয়া যায়। তবে বেশির ভাগ এলাকায় রাত পর্যন্ত গ্যাস ছিল না বলে জানা যায়।কেজিডিসিএল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সেনানিবাসের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার প্লটে গত শনিবার পাইলিংয়ের কাজ চলছিল। ওই প্লটের নিচ দিয়ে গেছে চট্টগ্রাম নগরের গ্যাস সরবরাহের ২০ ইঞ্চি ব্যাসের একটি পাইপ। পাইলিংয়ের সময় ওই পাইপটি ফেটে যায়। ফলে প্রচণ্ড বেগে ওই লাইন থেকে গ্যাস উদিগরণ হতে থাকে। খবর পেয়ে কেজিডিসিএলের লোকজন ঘটনাস্থলে ছুটে যান।