চট্টগ্রামের বাঁশখালীতে খাদ্যের অভাবে হাতির মৃত্যু

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় একটি হাতি মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে শিয়ালঘারা নামক স্থানে পাহাড়ে কাজ করতে যাওয়ার সময় শুয়ে থাকা হাতিটি চোখে পড়ে স্থানীয় লোকজনের। কিছুক্ষণ পর্যবেক্ষণের পরই তাঁরা বুঝতে পারেন, হাতিটি মারা গেছে। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে মারা গেছে প্রাণীটি।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপুষ্টির কারণে হাতিটির মৃত্যু হয়েছে।
এটির বয়স ৩০ থেকে ৪০ বছর হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ ওয়ারেস কামাল। তিনি বলেন, পাহাড়ে গাছপালা কমে যাওয়ায় হাতির খাবার কমে যাচ্ছে। হাতিটি খাবারের অভাবে মারা গিয়ে থাকতে পারে।
সাধনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, এই এলাকায় এমনিতে হাতির উপদ্রব বেশি। হাতিটি লোকালয়ে খাবারের জন্য এসেছিল মনে হচ্ছে। পাহাড়ে আর ফিরে যেতে পারেনি। এ ব্যাপারে নিয়ম অনুসারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
উপজেলা বন বিভাগের কালিপুর রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান বলেন, ‘একটি হাতি মারা যাওয়ার খবর পেয়েছি। বন বিভাগের লোকজনদের ওই স্থানে পাঠানো হয়েছে।’