চট্টগ্রামের বাঁশখালীতে দুই হাজার ঘরে জোয়ারের পানি
চট্টগ্রামের বাঁশখালীতে জোয়ারের পানিতে কয়েকটি এলাকা তলিয়ে গেছে। গত সোমবার রাত থেকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকছে। ফলে উপজেলার খানখানাবাদ, শিলকূপ ও গন্ডামারার প্রায় দুই হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং পূর্ণিমার কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ফুট বেশি পানিতে প্লাবিত হয়েছে খানখানাবাদসহ কয়েকটি এলাকার বাঁধের পাশের লোকজন। গত সোমবার রাতে পানি ঢুকলেও গতকাল মঙ্গলবার সকাল থেকে সবচেয়ে বেশি পানি ওঠে বলে খানখানাবাদের ইউপি চেয়ারম্যান আবু ছিদ্দিক জানান।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাব্বির ইকবাল বলেন, ‘বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে খানখানাবাদে প্রায় এক হাজার ৭০০ পরিবার সব সময় ঝুঁকিতে থাকে। এবারও জোয়ারের পানি ঢুকেছে তাদের বাড়িঘরে। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলেও আমরা বাঁধ মেরামত করাতে পারিনি।’