চট্টগ্রামের বাওয়া স্কুল ও কলেজে ছাদ বাগান কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয় ও কলেজে ছাদ বাগান কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের দামপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির বলেন, চট্টগ্রাম নগরকে সবুজ নগরে রূপান্তরের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে পরিবেশের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি বিষমুক্ত টাটকা ফল ও সবজি পাওয়া যাবে। মেয়র নগরবাসীকে ছাদ বাগান কর্মসূচিতে শরিক হওয়ার আহ্বান জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর জহুরুল আলম, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য জামসেদুল আলম চৌধুরী, অধ্যক্ষ আনোয়ারা বেগম, সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, কর্মসূচির সহযোগী সংগঠন তিলোত্তমা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সাহেলা আবেদীন, উপদেষ্টা আমিনুল হক, প্রকল্প পরিচালক আলী মর্তুজা প্রমুখ।
অনুষ্ঠান শেষে মেয়র শিক্ষার্থীদের হাতে ফলদ ও ফুলগাছের চারা তুলে দেন। পরে তিনি বিদ্যালয়ের ছাদ বাগান পরিদর্শন করেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, প্রাথমিকভাবে নগরের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৫০টি বাড়ির ছাদে বাগান করার পরিকল্পনা রয়েছে সিটি করপোরেশনের।