চট্টগ্রামের বাকলিয়ায় বৃদ্ধা খুন
চট্টগ্রাম নগরের বাকলিয়ার চাক্তাই এলাকায় নিজ ঘরে লায়লা বেগম (৬৭) নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।ডাকাতিতে বাধা দেওয়ায় এই ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এ সময় বাসা থেকে স্বর্ণালংকার, টাকাসহ চার লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি করা হয়।লায়লা বেগমের স্বামীর নাম আনোয়ারুল আলম। চাক্তাই এলাকায় তাঁদের নিজস্ব ভবন। বাসায় স্বামী ছাড়া থাকতেন ছেলে আতিক। রোববার রাত নয়টার দিকে ঘটনার সময় তাঁরা কেউ বাসায় ছিলেন না। এ সময় তাঁরা নামাজ পড়তে যান বলে জানা গেছে। নামাজ থেকে ফিরে লায়লার লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা। বৃদ্ধাকে হাতে, গলায় ও পেটে ছুরিকাঘাত করা হয়।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ঘটনার সময় কেউ বাসায় ছিলেন না। কী কারণে তিনি খুন হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি দস্যুতা হয়, তাহলে বৃদ্ধাকে জিম্মি করেও তা করা যেত। খুনের দরকার ছিল না। এখন দস্যুতা নাকি অন্য কিছু, তা আমরা দেখছি।’