চট্টগ্রামের বাজারে আদা ও রসুনের দাম বেড়েছে। হরতালের কারণে যানবাহন চলাচল স্বাভাবিক না থাকায় আমদানি করা এসব পণ্য সময়মতো বাজারে আসতে পারছে না বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
গতকাল শনিবার নগরের রিয়াজউদ্দিন বাজারের পাইকারি দোকানে আমদানি করা আদা বিক্রি হয় ৮০ থেকে ৮২ টাকা কেজি দরে। রসুন বিক্রি হয়েছে ৮০-৮৪ টাকা দরে।
বাজারের ব্যবসায়ী দবির উদ্দিন বলেন, বাজারে এখন দেশি আদা নেই। ঘন ঘন হরতালের কারণে আমদানি করা আদা-রসুনের সরবরাহ কমে গেছে। এসব কারণেই আদা-রসুনের দাম বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে আদা বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকা এবং রসুন ৭৫-৭৮ টাকা কেজি দরে। গতকাল নগরের চৌমুহনী কর্ণফুলী বাজারে আদা বিক্রি হয়েছে ৮৫-৮৬ টাকা এবং রসুনের দাম হাঁকা হয় ৮৮-৯০ টাকা কেজি দরে।
বাজারে আলু ও পেঁয়াজের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। দুই বাজারে পেঁয়াজ বিক্রি হয় ২৪-২৬ টাকা দরে। বাজারে দীর্ঘদিন ধরে মুরগির দাম স্থিতিশীল। গতকাল ব্রয়লার মুরগি ১৪৫-১৫০ টাকা এবং দেশি মুরগির দাম রাখা হয় ২৮০-৩০০ টাকা পর্যন্ত।: