চট্টগ্রামের বাজারে মুরগি ও কাঁচা মরিচের দাম বেড়েছে। পাশাপাশি শীতকালীন সবজি ও নতুন আলুর দামও বেড়েছে এক দফা। গতকাল শনিবার নগরের রিয়াজউদ্দিন বাজার ও পাহাড়তলী বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে গতকাল দ্বিতীয়বারের মতো ব্রয়লার মুরগির দাম বেড়ে যায়। ছোট ও বড় আকারের ব্রয়লার মুরগির কেজি পাঁচ-ছয় টাকা করে বেড়েছে। পাকিস্তানি লাল মুরগির দামও বেড়েছে একইভাবে। বিয়ে, বনভোজন ইত্যাদির কারণে মুরগির চাহিদা বৃদ্ধি এবং শীতকালে ব্রয়লার মুরগির প্রজনন সমস্যার কারণে দাম বাড়ছে বলে ব্যবসায়ীদের অভিমত। ব্যবসায়ীরা বলছেন, সংস্কারকাজের জন্য মেঘনা ও মেঘনা-গোমতী সেতু বন্ধ থাকায় যানবাহন ঠিকমতো এসে পৌঁছতে পারছে না বলে কাঁচা মরিচ ও অন্যান্য সবজির দামে হেরফের ঘটছে। গতকাল রিয়াজউদ্দিন বাজারে ছোট ব্রয়লার মুরগি বিক্রি হয় কেজি ১৫০-১৫৫ টাকা। বড় মুরগি ১৪০-১৪৫ টাকা কেজি দরে। পাকিস্তানি লাল মুরগির কেজি বিক্রি হয় ১৬৫-১৭০ টাকা। এগুলোর দাম ছিল ১৪৫-১৫০ টাকার মধ্যে। পাহাড়তলী বাজারেও প্রায় একই দামে মুরগি বিক্রি হতে দেখা যায়। তবে দেশি মুরগির দাম দোকানভেদে কেজি ২৮০-৩০০ টাকার মধ্যে স্থির রয়েছে দীর্ঘদিন। রিয়াজউদ্দিন বাজারের পাইকারি দোকানে গতকাল কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয় ৬৫-৭০ টাকা দরে। গত সপ্তাহে এর দাম ছিল ৫০-৫৫ টাকা। গতকাল পাইকারি বাজারে বিভিন্ন সবজির দামও বেড়েছে। ফুলকপি বিক্রি হয় প্রতি কেজি ৩০-৩৫ টাকা, বাঁধাকপি ১৬-২০ টাকা, মুলা ১৮ টাকা, দুই ধরনের শিমের মধ্যে একটি ২৬-২৭ টাকা ও অন্যটি ৪২-৪৩ টাকা, শালগম ২৮-২৯ টাকা, পেঁয়াজপাতা ১০-১২ টাকা, গাজর ২০-২২ টাকা, খিরা ২০-২২ টাকা, শিমের বিচি ১৪৫-১৫০ টাকা। নতুন আলুর কেজি ২৪ টাকা। আর ধনেপাতার কেজি ২০-২২ টাকা এবং পুদিনা বিক্রি হয় ৭৫ টাকা দরে।পাহাড়তলী কাঁচাবাজারে দোকানভেদে ফুলকপির দাম চাওয়া হয় ৩৫-৪৫ টাকা, বাঁধাকপি ২০-২৫ টাকা, মুলা ২০-২৫ টাকা, দুই ধরনের শিমের মধ্যে যশোর থেকে আসা শিম ৩০-৩২ টাকা এবং সীতাকুণ্ড ও কুমিরায় উৎপাদিত শিম ৪০-৪৫ টাকা, শালগম ৩০-৩৫ টাকা, পেঁয়াজপাতা ১২-১৫ টাকা, গাজর ৩০-৩৫ টাকা কেজি, খিরা ২৬-২৮ টাকা। এ ছাড়া শিমের বিচি বিক্রি হয় ১৬০-১৬৫ টাকা। টমেটোর কেজি ৩০-৫০ টাকা ও বেগুন ৩৬-৪০ টাকা। নতুন আলু বিক্রি হয় কেজি ২৫-৩০ টাকা দরে। মো. জালাল হোসেন নামের এক দোকানি বলেন, ‘কুয়াশার কারণে চাষিরা সময়মতো মাঠ থেকে আলু ওঠাতে পারছেন না বলে এর সরবরাহ কমে গেছে।’