চট্টগ্রামের বাস কাউন্টার হরতালের আগেই বন্ধ
ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠনের ডাকা হরতাল শুরুর আগেই গতকাল শুক্রবার সকাল থেকে চট্টগ্রামে দূরপাল্লার বাস কাউন্টারগুলো বন্ধ হয়ে যায়। বেলা তিনটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার, বিশেষ করে ঢাকামুখী বাস চলাচলও বন্ধ হয়ে যায়।হরতালকারীরা বেলা তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় অবস্থান নেয় এবং জামায়াত-শিবির নিষিদ্ধ ও যুুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নানা স্লোগান দেয়। এ সময় তারা চট্টগ্রামমুখী যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। তবে ঢাকামুখী কোনো বাস চলাচল করছে কি না, তার ওপর নজর রাখে হরতালকারীরা।সকাল থেকে বন্ধ বাস কাউন্টার: সারা দেশে সন্ধ্যা ছয়টা থেকে পরদিন অর্থাৎ আজ শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতালের ডাক দেওয়া হয়। তবে চট্টগ্রামে গতকাল শুক্রবার বেলা তিনটায় শুরু হয় হরতাল।সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরের এ কে খান মোড় ও কদমতলী এলাকার সব বাস কাউন্টার সকাল ১০টার পর থেকে বন্ধ হতে থাকে। দুপুরে নগরের এ কে খান এলাকায় দেখা যায় সব কাউন্টার বন্ধ। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ে। লক্ষ্মীপুরে যাওয়ার জন্য পোশাক কারখানার দুই শ্রমিক শাহী পরিবহনের কাউন্টারে এসে বসে ছিলেন। কাউন্টারের লোকজন বাস ছাড়বে কি না, তাতে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। শ্যামলী, হানিফ পরিবহনসহ বিভিন্ন বাস কাউন্টার সকাল থেকে তাদের বাস চলাচল বন্ধ করে দেয় বলে জানিয়েছে। একইভাবে নগরের গরীবউল্লাহ শাহর মাজার এলাকায়ও সব কাউন্টার সকাল থেকে বন্ধ ছিল। সৌদিয়া বাস সার্ভিসের ব্যবস্থাপক জুয়েল জানান, ‘গত রাত সাড়ে ১২টায় আমাদের শেষ গাড়ি যায়। এরপর আজ পর্যন্ত আর কোনো বাস যায়নি। শুধু ঢাকা থেকে যেসব বাস চট্টগ্রামে এসেছে, সকালে তাদের জন্য কাউন্টারটা কিছুক্ষণের জন্য খোলা ছিল।সড়ক অবরোধ: গতকাল বেলা তিনটা থেকে হরতালের সমর্থনে সিটি গেটসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করা হয়। এ সময় সিটি গেটে মাইক লাগিয়ে জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দেওয়া হয়। এর কিছু দূরে স্থানীয় যুবকেরা টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরে নির্মূল কমিটির নেতারা গিয়ে তা সরিয়ে দেন। অন্যদিকে সীতাকুণ্ডের বড় দারোগার হাটেও হরতালের সমর্থনে অবরোধ সৃষ্টি করা হয়। তবে কোনো যানবাহন ভাঙচুর করা হয়নি।ট্রেনেও ঢাকায় গেছেন হেফাজতের কর্মীরা: গতকাল শুক্রবার দুপুরে আন্তনগর মহানগর গোধূলী ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হন হেফাজতে ইসলাম বাংলাদেশের দেড় শতাধিক নেতা-কর্মী। গতকাল রাতে তূর্ণা নিশীথা ট্রেনে আরও কয়েক শ কর্মীর ঢাকায় যাওয়ার কথা রয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা যায়, হেফাজতের কর্মীরা পাঁচ থেকে ১০ জনের দলে বিভক্ত হয়ে ট্রেনে উঠছেন। গতকাল রেলস্টেশনের নিরাপত্তা ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি। মূল ফটকে প্রহরায় ছিল পুলিশ। পাশাপাশি টিকিট ছাড়া কাউকেই প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছিলেন না রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রেলস্টেশনে বেলা আড়াইটায় সমবেত হন পারভেজ (১৮), কামরুল ইসলামসহ (২০) মোট সাতজন। তাঁরা সবাই হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী। পারভেজ জানান, তাঁদের চারজনের টিকিট আছে। অন্য একজন যাবেন রাতের ট্রেনে। বাকি দুজনের জন্য টিকিট পাওয়া যায়নি। এ সময় স্টেশনের কাউন্টারগুলো ঘুরে ঢাকা, কুমিল্লা, ফেনী ও চাঁদপুরের কোনো টিকিট পাওয়া যায়নি। হেফাজতের কর্মীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও ফিরেছেন খালি হাতে।