চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী পুকুরপাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী মাজারসংলগ্ন পুকুরপাড় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পরিবেশবাদী ১০টি সংগঠন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।বায়েজিদ বোস্তামীর ওই পুকুরটি বিলুপ্তপ্রায় কাছিমের আবাসস্থল।মানববন্ধনে অংশ নেয় বাংলাদেশ পরিবেশ ফোরাম, সৃষ্টি (সোসাইটি ফর রুরাল এনভায়রনমেন্ট সেইফটি), মাকস (মানবসম্পদ কল্যাণ সংস্থা, ডিজেস্টার ইন্টারভেনশন প্রোগ্রাম (দীপ), যুব রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম কলেজ শাখা, পরিবেশ ছাত্র ফোরাম চট্টগ্রাম কলেজ শাখা, চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি, বাংলাদেশ মানবাধিকার ট্রাস্ট, গ্রিন ফর পিস চুয়েট ও বায়েজিদ বোস্তামী ব্যবসায়ী কল্যাণ সমিতি। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তার যোগসাজশে পুকুরপাড় দখল করে বহুতল ভবনটি নির্মিত হচ্ছে। অথচ ওই পুকুরের কাছিমগুলো বিশ্বের বিলুপ্তপ্রায় প্রজাতি। এটিকে রক্ষার দায়িত্ব সরকারের। এ জন্য অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বাংলাদেশ পরিবেশ ফোরামের সহ-সভাপতি ও চট্টগ্রাম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইউনুস হাসান বলেন, সূর্যরশ্মি ছাড়া কাছিম প্রজনন করতে পারে না। কাছিমের প্রজননক্ষেত্র দখল করে পুকুরপাড়ে বহুতল ভবন নির্মিত হলে আগামী দিনে কাছিমগুলো প্রজননক্ষমতা হারিয়ে ফেলবে। চুয়েট সিন্ডিকেট সদস্য আলী আশরাফ বলেন, ভবন নির্মাণ বন্ধ করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও বন বিভাগকে এগিয়ে আসতে হবে।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন শ্যামল বলেন, সরকার পরিবেশ রক্ষার কথা বললেও খোদ পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজশে পুকুরপাড়ে অবৈধ ভবনের নির্মাণকাজ চলছে।সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ইদ্রিচ আলী, সাধারণ সম্পাদক আলীউর রাহমান, মাকস-এর প্রধান নির্বাহী ফরিদ হোসেন, বাংলাদেশ মানবাধিকার ট্রাস্টের চট্টগ্রাম মহানগর সভাপতি আবু তাহের, বায়েজিদ বোস্তামী ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।