চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা
চট্টগ্রাম সিটি করপোরেশন চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র আ জ ম নাছির বিদায়ী জেলা প্রশাসকের হাতে ফুল, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে মেয়র বলেন, মেজবাহ উদ্দিন একজন সফল জেলা প্রশাসক ছিলেন। তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘আমি কাজ পছন্দ করি। সব প্রতিকূলতা অতিক্রম করে মানুষের সেবা করার চেষ্টা করেছি।’
পটিয়ায় বিদায় সংবর্ধনা: পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিজানান,পটিয়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ভূমি কার্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এ কে ফজলুল হক, পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন।