চট্টগ্রামের বিদ্যুৎ গ্রাহকদের প্রি-পেইড মিটারের আওতায় আনার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুততম সময়ে চট্টগ্রামের সব গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনতে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে গ্রাহকসেবার মান বাড়ানোর দিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি।
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিডিবির বোর্ড সদস্য খালেদ মাহমুদ (উৎপাদন), আবুল বাসার খান (উন্নয়ন ও পরিকল্পনা), পিডিবি প্রধান কার্যালয়ের প্রধান প্রকৌশলী বিকাশ দেওয়ান, পিডিবি দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় নিয়ে আসতে হবে। বিদ্যুৎ চুরি বন্ধ, সঠিক সময়ে বিল আদায়ের জন্য প্রি-পেইড মিটার কার্যকর পদ্ধতি। কিন্তু চট্টগ্রামের আট লাখ গ্রাহককে কত দিনের মধ্যে এই পদ্ধতির মধ্যে আনা হবে, সে বিষয়ে এখনো পুরো পরিকল্পনা আপনারা করতে পারেননি। এ বিষয়ে সঠিক পরিকল্পনা নেন। চার বছরের মধ্যে যদি কাজ শেষ করার পরিকল্পনা নেন, তখন গ্রাহক হবে ১০ লাখ। এই ১০ লাখ গ্রাহক যেন চার বছরের মধ্যেই প্রি-পেইড মিটারের আওতায় আসে সেভাবে প্রকল্প নেন।’
চট্টগ্রামের গ্রাহকদের সেবা দেওয়ার জন্য পিডিবিকে দ্রুত কল সেন্টার চালুর তাগিদ দিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম থেকে গ্রাহকদের প্রচুর অভিযোগ পাই। সেবার মান বাড়াতে হবে।’