চট্টগ্রামের বিদ্যুৎকেন্দ্রে দেশের প্রথম পরিবেশবান্ধব প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্রে স্থাপিত পরিবেশবান্ধব প্রযুক্তি l প্রথম আলো
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্রে স্থাপিত পরিবেশবান্ধব প্রযুক্তি l প্রথম আলো

নগরের একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে পরিবেশদূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তি স্থাপন করা হয়েছে। নতুন এই প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুৎকেন্দ্র থেকে নিঃসৃত সালফারের মাত্রা ৯৫ শতাংশ কমে যাবে। সরকারি বেসরকারি পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রে পরিবেশবান্ধব প্রযুক্তি স্থাপনের ঘটনা এটি প্রথম বলে দাবি করেছেন কেন্দ্রটির কর্মকর্তারা।
নগরের পতেঙ্গায় অবস্থিত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড নামের ফার্নেস অয়েলচালিত ভাড়াভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ৫৫ দশমিক ৮৭২ মেগাওয়াট। গত ৪ মে মাস থেকে বাণিজ্যিক উৎপাদনে যাওয়া এই কেন্দ্র শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
বিদ্যুৎকন্দ্রের মোট উৎপাদনক্ষমতা প্রায় ৫৬ মেগাওয়াট হলেও কেন্দ্রটির অব্যবহৃত তাপ থেকে আরও ৩ দশমিক ৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এ জন্য ৬০ কোটি টাকার একটি ইউনিট বসানো হয়েছে।
সম্প্রতি এই বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখা যায়, পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ফ্লুগ্যাস ডি সালফারাইজেশন ইউনিট’ স্থাপন করা হয়েছে। প্রযুক্তিটি স্থাপনে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক। এই প্রযুক্তির মাধ্যমে বাতাসে জ্বালানি তেল পোড়ানোর কারণে যে সালফার নিঃসরণ হয়, তা অন্তত ৯৫ শতাংশ কমিয়ে আনা যায়। এসব সালফার সরাসরি বাতাসে মিশে পরিবেশের ক্ষতি করে।
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের পরিচালক এম কে শফি চৌধুরী প্রথম আলোকে জানান, পরিবেশবান্ধব প্রযুক্তি স্থাপনে খরচ হয়েছে প্রায় ২২ কোটি টাকা। সব মিলিয়ে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনে খরচ হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে বসবাসকারী কয়েকজন বাংলাদেশি নাগরিক এবং স্থানীয় উদ্যোক্তা যৌথভাবে এই প্রকল্পে অর্থায়ন করেছেন।
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের মহাব্যবস্থাপক আবদুল জলিল প্রথম আলোকে বলেন, কেন্দ্রটি নির্মাণে বিশ্বখ্যাত রোলস রয়েসের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এতে ৬ দশমিক ৯৮৪ মেগাওয়াট ক্ষমতার আটটি জেনারেটর রয়েছে।
জানা গেছে, এই প্রতিষ্ঠানের সিলেটে অবস্থিত ৫১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ২০০৯ সাল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।