চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

পবিত্র ঈদুল আজহার ছুটিতে চট্টগ্রাম নগরের বিনোদনকেন্দ্রগুলো ছিল দর্শনার্থীদের ভিড়ে মুখরিত।
ঈদের দিন বিনোদনকেন্দ্রগুলো ছিল ফাঁকা। সেদিন বিকেলের দিকে কিছু লোকজনকে দেখা গেলেও মূলত ভিড় বাড়তে থাকে বুধবার সকাল থেকে। এ ভিড় ছিল গতকাল বৃহস্পতিবার পর্যন্ত।
বুধবার সকাল থেকে নগরের ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে লোকজন আসতে শুরু করে। দুপুরের দিকে ভিড় বেড়ে যায়। বিকেলে দর্শনার্থী আরও বেড়ে যায়।
নগরের হালিশহর থেকে আসা মনজুরুল ইসলাম বলেন, ‘কাল কোরবানি নিয়ে ব্যস্ত ছিলাম। তাই আজ স্ত্রী ও ছেলেকে নিয়ে ঘুরতে এলাম। চিড়িয়াখানা ঘুরে এখন ফয়’স লেকে ঢুকলাম। ভালোই লাগছে এখানে।’
তিন বন্ধুসহ ফয়’স লেকের ওয়াটার ওয়ার্ল্ডে এসেছেন কলেজছাত্র রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে বন্ধুরা একত্র হয়ে ওয়াটার ওয়ার্ল্ডে চলে এলাম। ঘণ্টা দুয়েক দাপাদাপি করব। এরপর কিছুক্ষণ নৌকাযোগে ঘুরব।’
জানতে চাইলে পার্কের উপমহাব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘গত বুধবার থেকে লোকজন বেশ আসছে। আশা করি আগামীকাল ও পরশু এটি আরও বাড়বে।’
একইভাবে নগরের চিড়িয়াখানায়ও বুধবার সকাল থেকে লোকজনের ভিড় ছিল লক্ষণীয়। চিড়িয়াখানার একজন কর্মকর্তা বলেন, ছুটির কারণে লোকজনের ভিড় কিছুটা বেড়েছে। রংপুর থেকে আনা নতুন সিংহ দেখতে দর্শনার্থীদের আগ্রহ অনেক।
পতেঙ্গা সমুদ্রসৈকতেও বুধবার দর্শনার্থীদের অনেক ভিড় দেখা যায়। পরিবার নিয়ে পতেঙ্গা সৈকতে বেড়াতে আসা নগরের পাঁচলাইশের বাসিন্দা সাব্বির রহমান বলেন, ‘বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলাম। এখানে এসে ভালোই লাগছে।’