চট্টগ্রামের বিনোদনকেন্দ্র মুখরিত
বছরজুড়ে কাজের চাপে ব্যস্ত সময় পার করতে হয় বেসরকারি চাকরিজীবী শামীম আহমেদকে। ঘুরে বেড়ানোর সুযোগ খুব একটা হয়ে ওঠে না। তাই ঈদের টানা ছুটিতে বউকে সঙ্গে নিয়ে বিনোদনকেন্দ্রগুলো ঘুরে বেড়িয়েছেন।
শামীম আহমেদের মতো লাখো চট্টগ্রাম নগরবাসীর ভিড় ছিল নগরের বিনোদনকেন্দ্রগুলোয়।
গত মঙ্গলবার বিকেল থেকেই চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোয় ছিল উপচে পড়া ভিড়; ভিড় ছিল গতকাল বৃহস্পতিবারও।
দর্শনার্থীদের ভিড়ে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত, নেভাল একাডেমি এলাকা, প্রজাপতি পার্ক, কাজীর দেউড়ি ও আগ্রাবাদের শিশুপার্ক, ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক, চট্টগ্রাম চিড়িয়াখানা, বহদ্দারহাটের স্বাধীনতা পার্কসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র জমজমাট হয়ে ওঠে। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক মানুষের ভিড় দেখা যায় এসব কেন্দ্রে। দর্শনার্থীদের বরণ করে নিতে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পতেঙ্গা সমুদ্রসৈকত দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ লোকমান বলেন, ঈদের ছুটিতে প্রতিদিন অসংখ্য পর্যটক ও দর্শনার্থী হাজির হয়েছে সমুদ্রসৈকতে। লাখো পর্যটকের উপস্থিতিতে ব্যবসাও চাঙা হয়ে উঠেছে।
ঈদের দ্বিতীয় দিন স্ত্রী-কন্যা নিয়ে প্রজাপতি পার্কে ঘুরতে আসেন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বলেন, ‘সারা বছর তো ব্যস্ত থাকি। তাই ঈদের ছুটিতে বউ-বাচ্চাকে নিয়ে নগরের বিনোদনকেন্দ্রগুলো ঘুরে দেখছি।’
নগরের মাদারবাড়ি এলাকার বাসিন্দা মনজুর মোর্শেদ বন্ধুদের নিয়ে ঘুরতে যান নেভাল একাডেমি এলাকায়। প্রথম আলোকে তিনি বলেন, ‘বন্ধুরা একেকজন একেক জায়গায় চাকরি করি। অনেক দিন পর সবার সঙ্গে দেখা। আড্ডা দিচ্ছি, গল্প করছি। খুব ভালো লাগছে।’
ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) বিশ্বজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, ঈদের দিন বিকেল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শুরু হয় পার্কে। প্রতিদিনই তা বাড়ছে। গত বুধবার প্রায় নয় হাজার দর্শনার্থী পার্কে আসে। ঈদের আনন্দকে আরও রঙিন ও বর্ণিল করতে পার্কে গেম শো, ম্যাজিক শো ও র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছে।
এদিকে চট্টগ্রামের প্রতিটি বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড় ছিল স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি। চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রতিদিন যেখানে হাজার খানেক মানুষ আসে, সেখানে গত দুই দিন ১০ হাজারের বেশি দর্শনার্থীর উপস্থিতি ছিল। আগ্রাবাদের কর্ণফুলী শিশুপার্কে মঙ্গল ও বুধবার হাজির হয়েছে প্রায় পাঁচ হাজার দর্শনার্থী। তবে অমাবস্যার জোয়ারের কারণে এই এলাকা তলিয়ে যাওয়ায় গত বছরের তুলনায় দর্শনার্থীর সংখ্যা প্রায় অর্ধেক কমেছে বলে জানান পার্কের ব্যবস্থাপক সাহাবউদ্দিন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পতেঙ্গার বিনোদনকেন্দ্রগুলোয় অনেক পর্যটকের উপস্থিতি ছিল। তাদের নিরাপত্তার জন্য এসব এলাকায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ছিল। ফলে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।