চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়
কর্মব্যস্ত নগর চট্টগ্রামের রাস্তাঘাট তিন-চার দিন ধরে অপেক্ষাকৃত ফাঁকা হয়ে রয়েছে। তবে রাস্তাঘাট ফাঁকা থাকলেও উপচে পড়া ভিড় দেখা গেছে নগরের বিনোদনকেন্দ্রগুলোতে। পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়’স লেক কনকর্ড এমিউজমেন্ট পার্ক, স্বাধীনতা পার্কসহ নগরের সবগুলো শিশু পার্ক, চিড়িয়াখানাসহ নানা বিনোদনকেন্দ্র ছিল পর্যটকদের পদচারণে মুখর।সব শ্রেণীপেশার মানুষ প্রিয়জনদের সঙ্গে নিয়ে এসব বিনোদনকেন্দ্রে ভিড় করে। ঈদের দিন বিকেল থেকে ভিড় বাড়তে থাকে। সবচেয়ে বেশি লোকসমাগম ঘটে পতেঙ্গা সমুদ্রসৈকতে। সৈকতে ঈদের দিন বুধবার বিকেলে সূর্যাস্ত উপভোগ করে হাজার হাজার মানুষ। সন্ধ্যা নাগাদ পতেঙ্গা সৈকতের ভিড় কমে যাওয়ার পর সরগরম হয়ে ওঠে নেভাল সমুদ্রসৈকত এলাকা। এই এলাকায় রাত ১২টা পর্যন্ত পর্যটক দেখা গেছে। পতেঙ্গা বিমানবন্দরসংলগ্ন প্রজাপতি পার্কেও বেড়াতে যায় অনেকে। সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়া শাওন রহমান নামের এক পর্যটক বলেন, ‘ঈদ করতে বাড়ি এসেছি। ছুটি আছে কয়েক দিন। তাই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এখানে চলে এলাম।’বুধবারের মতো বৃহস্পতি ও শুক্রবারও সৈকতে ছিল উপচে পড়া ভিড়। ভিড় সামলাতে সৈকত এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ দাশ।অন্যদিকে নগরের ছোটবড় সব বিনোদন পার্ক, শিশু পার্কও ঈদ আনন্দে গা ভাসানো মানুষের পদচারণে সরগরম ছিল। কনকর্ড এমিউজমেন্ট পার্ক ও পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে ছিল উপচে পড়া ভিড়। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউবা বন্ধুবান্ধব নিয়ে ওয়াটার ওয়ার্ল্ডের পানিতে দাপাদাপি করে বেড়িয়েছেন।কনকর্ড এমিউজমেন্ট পার্কের সহকারী ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার প্রায় সাত হাজার লোক পার্কে এসেছেন। আজ (শুক্রবার) ও কাল এ সংখ্যা ছাড়িয়ে যাবে আশা করি।’সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম শিশু পার্ক, বাটালি হিল, ডিসি হিল, জিয়া শিশু পার্ক, স্বাধীনতা পার্ক, কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় গিয়ে দর্শনার্থীরা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। তবে যানবাহনের অপ্রতুলতা এবং অতিরিক্ত ভাড়া আনন্দে খানিকটা ব্যাঘাতও ঘটিয়েছে। বেশি ভাড়া গুনতে হয়েছে পর্যটকদের।