চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো খুলছে শনিবার

প্রায় চার মাস বন্ধ থাকার পর আবারও মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলো। পতেঙ্গা সমুদ্রসৈকত, কক্সবাজার, ২১ আগস্টছবি: জুয়েল শীল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্র শনিবার থেকে খুলছে। তবে এ জন্য সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি অনুসরণ, মাস্ক পরিধানসহ অন্তত ১৯টি শর্ত মানতে হবে। দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুতি নিতে শুরু করেছে বিনোদনকেন্দ্রগুলো।


গত বুধবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্রের পাশাপাশি পতেঙ্গা সমুদ্রসৈকতও উন্মুক্ত থাকবে।

শুক্রবার ছুটির দিনে পরিবার–পরিজন অনেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। কক্সবাজার, ২১ আগস্ট
ছবি: জুয়েল শীল

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ১৯ মার্চ চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্র, পিকনিক স্পট বন্ধের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে চট্টগ্রাম জেলা প্রশাসন।


এদিকে বিনোদনকেন্দ্রগুলো আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নগরের বিভিন্ন এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে আসেন লোকজন। অনেকের মুখে মাস্ক ছিল না। ছিল না সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও।

দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুতি চলছে বলে জানান নগরের ফয়’স লেক কমপ্লেক্সের পরিচালনার দায়িত্বে থাকা কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানির উপব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ। তিনি প্রথম আলোকে বলেন, প্রায় পাঁচ মাস বন্ধ ছিল বিনোদনকেন্দ্রটি। এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আর খোলার পর স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। আগত দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না। জীবাণুনাশক ছিটানো হবে।

স্বাভাবিক সময়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রতিদিন গড়ে দুই হাজার দর্শনার্থী আসতেন বলে জানান কিউরেটর শাহাদাত হোসেন। তবে এখন এর অর্ধেক দর্শনার্থীকে প্রবেশ করার সুযোগ দেওয়া হতে পারে বলে জানান তিনি। প্রথম আলোকে তিনি বলেন, দীর্ঘদিন পর চিড়িয়াখানা খোলা হবে। প্রস্তুতির বিষয় রয়েছে। তাই চট্টগ্রাম চিড়িয়াখানা শনিবারের পরিবর্তে রোববার খোলা হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সব পদক্ষেপ নেওয়া হবে।