চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় নেই

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির শিশু পার্ক। টিকিট কাউন্টারের সামনে কোনো ভিড় নেই। দর্শনার্থীশূন্য প্রবেশ ফটক। রোলার কোস্টার, চুকচুক ট্রেন, বাম্পার কারগুলো অলস বসে আছে। পার্কের ভেতরে শিশু-কিশোরদের হই-হুল্লোড় নেই।
ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ রোববার বেলা তিনটায় পার্কের এই চিত্র দেখা যায়। নগরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা কাজীর দেউড়িতে অবস্থিত পার্কটিতে প্রায় সময় দর্শনার্থীদের ভিড় থাকে। ঈদের ছুটি থাকলেও রোববার দিনভর বৃষ্টির কারণে দর্শনার্থীদের উপস্থিতি প্রত্যাশার তুলনায় অনেক কম বলে জানায় পার্ক কর্তৃপক্ষ।
একই অবস্থা নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত ও ফয়স’ লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রেও। বৃষ্টির কারণে এসব কেন্দ্রে অন্যান্য ঈদের ছুটির তুলনায় এবারের দর্শনার্থীর উপস্থিতির সংখ্যা একেবারে কম বলে জানায় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পার্ক কর্তৃপক্ষ। এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
চট্টগ্রাম শিশু পার্কের ব্যবস্থাপক সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, অন্যবার ঈদের ছুটিতে প্রতিদিন গড়ে ২-৩ হাজার দর্শনার্থী ঘুরতে আসেন পার্কে। কিন্তু এবার আবহাওয়া খারাপ থাকায় প্রথম দুই দিনে ৫০০ মানুষও আসেননি। ঈদের দিন ২০০-৩০০ মানুষ এসেছিলেন। আজ বিকেল পর্যন্ত পার্কে দর্শনার্থী প্রবেশ করেছেন মাত্র ৫০ জন।
পার্কে প্রত্যাশিত দর্শনার্থী না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন সোহরাব হোসাইন। তিনি বলেন, ‘ঈদের সময় হচ্ছে ব্যবসার মূল সময়। কিন্তু এবার বৃষ্টি সব মাটি করে দিয়েছে। প্রকৃতির ওপর কিছু করারও নেই।’
আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, পার্কের অন্যতম আকর্ষণ চুকচুক ট্রেন বন্ধ রয়েছে। সেখানে কোনো দর্শনার্থী নেই। জেট কোস্টার, রোলার কোস্টার, বোট, ক্রেজি কারের আসনগুলো শূন্য পড়ে আছে। পার্কের ভেতর ১০ থেকে ১২ জন শিশু-কিশোর নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে। পার্কের কোস্টারগুলোর সামনে দাঁড়িয়ে কয়েকজন কিশোর মুঠোফোনে সেলফি তুলছে। পার্কের ভেতর থাকা খাবারের দোকানগুলোতেও ক্রেতা ছিল না।
নগরের অলংকার মোড় থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসে কামরুল ইসলাম ও আরমান হোসেন। এই দুই কিশোর জানায়, ঈদের ছুটিতে পাড়ার বন্ধুরা মিলে পার্কে বেড়াতে এসেছে। এরপর তারা পতেঙ্গা সমুদ্রসৈকতে ঘুরতে যাবে।
ঈদের ছুটি উপলক্ষে শিশুদের জন্য গেম শো ও ম্যাজিক শো-র ব্যবস্থা করা হয় লেক কমপ্লেক্সে। এ ছাড়া সি ওয়ার্ল্ড ওয়াটার পার্কে আয়োজন করা হয় ডিজে শো। দর্শক টানার জন্য সব ধরনের ব্যবস্থা করা হলেও বৃষ্টির কারণে প্রত্যাশিত দর্শনার্থী আসেনি বলে জানায় পার্ক কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে সাত থেকে আট হাজার দর্শনার্থী হলেও এবার রোববার বিকেল পর্যন্ত উল্লেখ করার মতো পর্যটক পার্কে আসেনি বলে জানায় কর্তৃপক্ষ।
কমপ্লেক্সের ব্যবস্থাপনায় থাকা কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে শনিবার থেকেই বৃষ্টি হচ্ছে। রোববারও ভোর থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে ভারী বৃষ্টি হয়েছে। এই কারণে লোকজন ঘর থেকে বের হতে পারছেন না।

ঈদের ছুটিতে চট্টগ্রাম নগরের সবচেয়ে বেশি ভিড় থাকে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায়। শহরের পাশাপাশি পাশের উপজেলার লোকজনও এই সৈকতে ঘুরতে আসেন। ঈদের সময় দর্শনার্থীর সংখ্যা অর্ধ লাখ ছাড়িয়ে যায় বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু এবার বৃষ্টি থাকায় সৈকতে ঘুরতে আসা মানুষের সংখ্যা পাঁচ হাজারের বেশি হবে না বলে হতাশা প্রকাশ করেন তাঁরা।
বৈরী আবহাওয়ার কারণে পতেঙ্গা সমুদ্রসৈকতেও পর্যটকদের ভিড় কম হয়েছে বলে জানান পতেঙ্গা সি বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়াহিদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, ঈদের সময় প্রচুর মানুষ আসেন। এতে প্রচুর বেচা-কেনা হয়। এই সময়ের জন্য অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা। কিন্তু এবার বৃষ্টির কারণে মানুষও কম এসেছে। ব্যবসাও তেমন হয়নি।