চট্টগ্রামের বিভিন্ন প্রকল্প গুরুত্ব পাওয়ায় খুশি ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মু. সিকান্দর খান, খলিলুর রহমান, মাহবুবুল আলম
মু. সিকান্দর খান, খলিলুর রহমান, মাহবুবুল আলম

প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের বেশ কিছু প্রকল্প গুরুত্ব পাওয়ায় খুশি ব্যবসায়ীরা। মোটা দাগে বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় এবং বাজেট বাস্তবায়ন করাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন তাঁরা। অন্যদিকে অর্থনীতিবিদেরা বলছেন, বাজেটে যোগাযোগব্যবস্থাসহ মেগা প্রকল্পে বরাদ্দ বেশি হলেও যাচাই-বাছাই ছাড়া অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে। ব্যয় বরাদ্দে সমতা রাখা হয়নি বলেও মনে করেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদে বিশ্ববাণিজ্য কেন্দ্রের চতুর্থ তলায় চেম্বার কার্যালয়ে টেলিভিশনে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা দেখেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমসহ চেম্বারের পরিচালকেরা। বাজেট বক্তৃতা শেষে চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রস্তাবিত বাজেট চট্টগ্রামের আউটার রিং রোড, ইউলুপ ও লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে আমরা খুশি। এখন চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন চাই।’
মাহবুবুল আলম বলেন, বাজেটে সিটি করপোরেশনের বাইরে রিয়েল এস্টেট খাতে উৎসে কর কমানোর ফলে মহানগরের ওপর চাপ কমবে। এসএমই খাতে টার্নওভার ৩৬ লাখ টাকা করায় এ খাতের সম্প্রসারণ হবে। পাটজাত পণ্যের ক্ষেত্রে জোগানদার সেবা, রাবারের উৎপাদন পর্যায়, অ্যাম্বুলেন্স পরিবহন সেবাসহ কিছু খাতকে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া এবং পাম তেল ও সয়াবিনের ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি রাখা প্রশংসাযোগ্য। নির্মাণশিল্প খাতের অনেক উপকরণের শুল্ক হ্রাস এবং হাইব্রিড গাড়ি ও হিউম্যান হলারের ক্ষেত্রে রেয়াতি সুবিধা প্রদান পরিবহন খাতে পরিবর্তন আনবে।
চেম্বারের সভাপতি বলেন, যেকোনো কোম্পানি বা ৫০ লাখ টাকার অধিক গ্রস প্রাপ্তি আছে এমন প্রতিষ্ঠানের ন্যূনতম করহার বাড়ানো এবং সারচার্জের ক্ষেত্রে দুটি স্তরে ২৫ ও ৩০ শতাংশ করহার নির্ধারণ করা হয়েছে, যা অত্যধিক। এগুলো পর্যালোচনা করা উচিত। আবার পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের ক্ষেত্রে মূসকের হার বাড়ানোর কারণে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে। স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী সেবার ক্ষেত্রে মূসকের হার ৯ থেকে ১৫ শতাংশ করা অত্যধিক হয়েছে।

দোকানে বেচাকেনার ফাঁকে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুনছেন ব্যবসায়ীরা। ছবিটি গতকাল বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকা থেকে তোলা l প্রথম আলো
দোকানে বেচাকেনার ফাঁকে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুনছেন ব্যবসায়ীরা। ছবিটি গতকাল বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকা থেকে তোলা l প্রথম আলো


বাজেট মোটা দাগে ইতিবাচক দৃষ্টিতেই দেখতে চান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, বিনিয়োগ বৃদ্ধি ও শিল্পায়ন গতিশীল করতে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। পোশাকশিল্প খাতে ফায়ার ডোরসহ অগ্নিনির্বাপণ যন্ত্রাংশের শুল্কহার হ্রাস করায় কর্মসহায়ক পরিবেশ বাস্তবায়নের জন্য সহায়ক হবে। তবে দ্রুত কমপ্লায়েন্স বাস্তবায়নে সম্পূর্ণ শুল্ক-কর প্রত্যাহার করলে ভালো হতো। তিনি বলেন, তৈরি পোশাকশিল্পে করপোরেট করহার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করা ইতিবাচক। আবার ১৫ শতাংশ হারে ভ্যাট আদায়ের পরিবর্তে আগের মতো প্যাকেজ ভ্যাট বহাল রাখার প্রস্তাব ইতিবাচক। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা গেলে অর্থনীতি আরও গতিশীল হবে। এ জন্য রাজস্ব আদায় হবে বড় চ্যালেঞ্জ। ব্যক্তিগত করদাতাদের করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকায় উত্তীর্ণ করা হলে ভালো হতো বলে মনে করেন খলিলুর রহমান।
অর্থনীতিবিদ ও ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দর খান প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত বাজেটে মেগা প্রকল্পে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। নিরপেক্ষভাবে সম্ভাব্যতা যাচাই করে মেগা প্রকল্পগুলো নেওয়া হচ্ছে না। এসব প্রকল্পের কাজগুলো নিয়মনীতি মেনে হচ্ছে না। এবারের বাজেটে পায়রাবন্দর গুরুত্ব পেয়েছে। সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরের বিষয়টি গুরুত্ব পায়নি। অথচ প্রাকৃতিকভাবে পায়রার চেয়ে সোনাদিয়া অনেক বেশি উপযুক্ত। তিনি উদাহরণ দিয়ে বলেন, সোনাদিয়ায় ১ টাকা খরচ করে যে উপকার পাওয়া যাবে, পায়রাবন্দরে সে জন৵ খরচ করতে হবে ১০ টাকা। এসব বিষয় পর্যালোচনার দাবি রাখে।
মু. সিকান্দর খান বলেন, প্রস্তাবিত বাজেটে গরিব মানুষের জন্য নানা ভাতা ও সুযোগ-সুবিধার কথা আছে। আবার বড় প্রকল্পের নামে নির্মাতা প্রতিষ্ঠান ও তাদের এদেশীয় সহযোগীদের জন্য হরিলুটেরও ব্যবস্থা রাখা হয়েছে। এতে সমতার বিষয়টি উপেক্ষিত থাকছে। যেসব বড় প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলো সাধারণ মানুষের উপকারে আসছে না। যেমন লালখান বাজার থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে সাধারণ মানুষের উপকার হবে না। এমন প্রকল্প নেওয়া উচিত যেগুলো ছোট, মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে সবার উপকারে আসবে। তাহলেই এসব প্রকল্পের গুরুত্ব বাড়বে।