চট্টগ্রামের বিমানবন্দর সড়ক যেন অস্থায়ী টার্মিনাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ‘ভিআইপি’ সড়ক হিসেবে পরিচিত বিমানবন্দর সড়কের একটি অংশ এখন কাভার্ড ভ্যানের অস্থায়ী টার্মিনালে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কের দুই পাশে পার্ক করে রাখা হচ্ছে শত শত কাভার্ড ভ্যান। এতে চার লেনের সড়কটি কার্যত দুই লেনে পরিণত হয়েছে। সড়ক সংকুচিত হওয়ায় অন্য গাড়িগুলোর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
বিমানবন্দর সড়ক ব্যবহার করেই চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও পর্যটন স্পট নেভাল পয়েন্টে যেতে হয়। দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরে আসা-যাওয়ার জন্য ২০১৫ সালে সড়কটি চার লেনে উন্নীত করে চট্টগ্রাম সিটি করপোরেশন। কিন্তু নগরবাসীর পরিবর্তে এর সুফল পাচ্ছেন কাভার্ড ভ্যানচালক ও মালিকেরা। সড়কের লালদিয়া চর এলাকায় অবস্থিত ইনকনট্রেড কনটেইনার ডিপোর জন্য এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসীসহ পরিবহনচালক ও মালিকেরা।
সরেজমিনে দেখা যায়, ডিপোর সামনে অপেক্ষায় থাকা গাড়ির সারি লালদিয়া চর মসজিদ পর্যন্ত ছাড়িয়ে গেছে। গুরুত্বপূর্ণ সড়কের অর্ধেক অংশ চলে গেছে কাভার্ড ভ্যানের দখলে। অন্য গাড়িগুলো চলছে থেমে থেমে।
স্থানীয় এলাকাবাসী ও গাড়িচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, কনটেইনার ডিপোকে কেন্দ্র করে প্রায় সময় বিমানবন্দর সড়কে যানজট সৃষ্টি হয়। বিশেষ করে বৃহস্পতি থেকে শনিবার বিকেলে গাড়ির চাপ বেশি বেড়ে যায়। তখন কাভার্ড ভ্যানের লাইন এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ কারণে ওই সময় বিমানবন্দরগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
মোহাম্মদ রফিক নামের এক কাভার্ড ভ্যানচালক গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ঢাকা থেকে পণ্য নিয়ে শুক্রবার দুপুরে ডিপোর সামনে আসি। প্রায় এক দিন অপেক্ষা করার পর শনিবার সকাল ১০টার দিকে ডিপোর ভেতরে পণ্য খালাস করি। মাঝখানের এই সময়ে গাড়ি সড়কে রাখতে হয়েছে।’ মো. শরীফ নামের আরেক চালক বলেন, ‘ডিপোর ভেতরে গাড়ি রাখার জায়গা নেই। তাই বাধ্য হয়ে রাস্তায় গাড়ি রাখি। পণ্য খালাস করে আবার চলে যাই।’
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমেদ বলেন, ইনকনট্রেড ডিপো কর্তৃপক্ষ পণ্য খালাসে পর্যাপ্ত সেবা দিতে পারছে না। তাদের ব্যবস্থাপনায়ও সমস্যা রয়েছে। এ জন্য গাড়িগুলো ডিপোর সামনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখতে হয়। এতে একদিকে গাড়িচালক ও মালিকেরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার সড়কের সামনে যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আইনজীবী জামাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘বিশ্বের আর কোথাও আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের পাশে কাভার্ড ভ্যানের জট নেই। কিন্তু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরগামী সড়কের দুই পাশে কাভার্ড ভ্যানসহ বিভিন্ন গাড়ি পার্ক করে রাখা হয়। এতে যানজট সৃষ্টি হয়। ফলে ৪০ মিনিটের পথ পাড়ি দিতে দুই-আড়াই ঘণ্টা সময় লাগে। যানজটের কারণে গত বছর দুবার ও চলতি বছর একবার ঢাকাগামী বিমানের ফ্লাইট মিস করেছি।’
লালদিয়া চর এলাকার চা দোকানদার মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিদিনই সড়কের ওপর কাভার্ড ভ্যানগুলো রাখা হয়। এতে গাড়ি চলাচল করা কঠিন হয়ে পড়ে। তখন মানুষের কষ্টের শেষ থাকে না। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গাড়ির চাপ সবচেয়ে বেশি থাকে।
স্বপ্নীল কার্গো পরিবহনের কর্মকর্তা শামসুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরাও বুঝি, রাস্তার ওপর এভাবে গাড়ি রাখাটা ঠিক হচ্ছে না। এতে অন্যান্য গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। বিদেশি লোকজন এ সড়ক দিয়ে আসা-যাওয়া করে। সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে রাখার বিষয়টি আসলেই দৃষ্টিকটু। এ ছাড়া মানুষজনেরও যাতায়াতে কষ্ট হয়। কিন্তু আমাদের তো কিছু করার নেই।’
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ উল হাসান প্রথম আলোকে বলেন, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতিকে বেলা আড়াইটা থেকে ইফতার পর্যন্ত সড়কে ডিপোর সামনে গাড়ি রাখতে নিষেধ করা হয়েছে। গাড়ি রাখার সময় বেঁধে দিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
অব্যবস্থাপনা ও যান চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ইনকনট্রেড কনটেইনার ডিপোর ব্যবস্থাপনা পরিচালক মো. মহসীন সরকার। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘূর্ণিঝড় রোয়ানু ও শবে বরাতের কারণে মাঝখানে তিন-চার দিন পণ্য পরিবহনের কাজ বন্ধ ছিল। তখন ডিপোর সামনে কাভার্ড ভ্যানের কিছুটা জট ছিল। তবে এখন সে রকম কোনো জট নেই। হয়তো রাস্তার পাশে কিছু গাড়ি দাঁড়াতে পারে। তবে এতে বিমানবন্দরগামী গাড়ি চলাচলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরও গাড়িগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য তিনজন নিরাপত্তারক্ষী রাখা হয়েছে।’