চট্টগ্রামের বিমানবন্দর সড়কে গাড়ি পার্কিং বন্ধে অভিযান
চট্টগ্রাম বিমানবন্দর সড়কের বারিক বিল্ডিং মোড় থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত দুদিকে ট্রেইলর, ট্রাক-কাভার্ড ভ্যানসহ কোনো গাড়ি পার্ক করা যাবে না। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে বন্দর ও কাস্টমসের প্রতিনিধি এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পুলিশ সূত্র জানায়, বারিক বিল্ডিং থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত বিমানবন্দর সড়কটির দুই পাশে ট্রেইলর, কাভার্ড ভ্যান ও ট্রাক পার্ক করে রাখায় বিমানবন্দরের যাত্রী ও সমুদ্রসৈকতের পর্যটকেরা চরম দুর্ভোগের শিকার হন। এ কারণে পুলিশ প্রশাসন ওই সড়কে সব ধরনের গাড়ি পার্কিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দর সড়ক ট্রেইলর, কাভার্ড ভ্যান ও ট্রাকের দখলে চলে গেছে। সেই সড়কে স্বাভাবিক নিয়মে গাড়ি চলাচল করতে পারে না। বন্দর ও কাস্টমস কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে আমরা বলেছি, যাতে রাস্তার ওপর গাড়ি পার্ক করা না হয়। মঙ্গলবার থেকে আমাদের উচ্ছেদ অভিযান শুরু হবে।’