চট্টগ্রামের দীর্ঘ উপকূলীয় এলাকা ব্যবহার করে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা করছে পাচারকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিয়মিতই উদ্ধার হচ্ছেন পাচারের শিকার ব্যক্তিরা। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে পাচারকারী চক্রের মূল হোতারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানে জানা গেছে, কোনো একটি পথ ব্যবহারের চেষ্টা ব্যর্থ হলে অন্য পথে আবার সক্রিয় হয়ে ওঠে সংঘবদ্ধ পাচারকারী চক্র। চট্টগ্রাম ও কক্সবাজারের প্রায় ১৫০ মাইল দীর্ঘ উপকূলীয় এলাকা সব সময় পাহারা দেওয়াও সম্ভব নয়। এ সুযোগ কাজে লাগাচ্ছে পাচারকারীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও মানব পাচার প্রতিরোধ বিশেষজ্ঞ মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্যস্ত। এ সুযোগে নতুন উপকূলীয় এলাকা ব্যবহার করে মানব পাচারের চেষ্টা হচ্ছে। চক্রের সদস্যরা কয়েক ধাপে পাচারের কাজে জড়িত থাকে বলে মূল হোতার থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।পুলিশ সূত্র জানায়, গত রোববার দিবাগত রাতে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের আরব শাহ বাজারসংলগ্ন উপকূলীয় এলাকা থেকে ১১২ জনকে উদ্ধার করে পুলিশ। ইঞ্জিনচালিত নৌকায় সমুদ্রপথে তাঁদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা হচ্ছিল। নৌকার মাঝিকে আটক করা হলেও পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।এর আগে ১৬ সেপ্টেম্বর টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে পাচারকালে ২৫ জনকে উদ্ধার করে পুলিশ। এ ছাড়া গত ৭ জুলাই নগরের বিভিন্ন হোটেল থেকে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৪৮ জন এবং ৫ জুন পতেঙ্গার নেভাল একাডেমি এলাকা থেকে ২৬ জনকে উদ্ধার করে র্যাব। র্যাব-৭-এর উপপরিচালক মেজর রকিবুল আমিন প্রথম আলোকে বলেন, ‘বছরের শুরুতে পাচারকারীরা টেকনাফ ও কক্সবাজারে বেশি সক্রিয় ছিল। ওই দুই পথে ব্যর্থ হয়ে পতেঙ্গায় সক্রিয় হয়। এই পথেও দুই দফায় উদ্যোগ নিয়ে ব্যর্থ হওয়ার পর পাচারকারীরা এবার বাঁশখালী দিয়ে মানব পাচারের চেষ্টা করল। হয়তো তারা নতুন কোনো উপকূল ব্যবহারের চেষ্টাও করতে পারে।’বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার সোশ্যাল অ্যাকশন (ইপসার) মানব পাচার প্রতিরোধ প্রকল্প ব্যবস্থাপক সিরাজ উদ্দিন বেলাল প্রথম আলোকে বলেন, ‘দেশের ১১টি জেলা থেকে দরিদ্র এসব মানুষকে বাঁশখালীতে এনে জড়ো করা হয়। ইঞ্জিনচালিত নৌকায় করে পতেঙ্গা নিয়ে জাহাজযোগে তাঁদের মালয়েশিয়া নেওয়ার প্রতিশ্রুতি দেয় পাচারকারীরা। আমরা তাঁদের নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি।’