শিক্ষার্থীদের গাড়ির কারণে যানজট বাড়ছে নগরে
চট্টগ্রামের বেশির ভাগ বিদ্যালয়েই শিক্ষার্থী পরিবহনের ব্যবস্থা নেই
চট্টগ্রাম নগরের বেশির ভাগ বিদ্যালয়েরই ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য নিজস্ব কোনো পরিবহন ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। এতে এসব বিদ্যালয়ের সামনের রাস্তায় যানজটের সৃষ্টি হয়।বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যক্তিগত ব্যবস্থায় রিকশা, সিএনজি অটোরিকশা ও টেম্পোতে চড়ে বিদ্যালয়ে আসে। এর মধ্যে অনেকেই আবার নিজেদের পারিবারিক গাড়ি ব্যবহার করে। আর এসব গাড়ি দীর্ঘ সময়ে বিদ্যালয়ের সামনে অবস্থান এবং ছুটির পর এলোমেলোভাবে চলাচলের কারণে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (যানবাহন) এ এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে নগরের বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্রছাত্রী আনা-নেওয়ার জন্য নিজস্ব পরিবহন ও পার্কিং-ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছি। এ ছাড়া যানজট নিরসনের জন্য আমরা বিদ্যালয় শুরু ও ছুটির পর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ট্রাফিক পুলিশ ও সার্জেন্ট নিয়োজিত রেখেছি। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষকেও তাদের নিজস্ব লোক দিয়ে সহযোগিতার অনুরোধ করেছি।’চট্টগ্রাম নগরে নয়টি সরকারি, প্রায় এক হাজার ২০০ বেসরকারি এবং সিটি করপোরেশন পরিচালিত ৫২টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে হাতেগোনা কয়েকটি বেসরকারি বিদ্যালয়ের নিজস্ব পরিবহনব্যবস্থা রয়েছে। বাকিগুলোতে আসা-যাওয়ার জন্য শিক্ষার্থীরা বিভিন্ন গণপরিবহন, সিএনজি অটোরিকশা, রিকশা প্রভৃতি যান ব্যবহার করে।জামাল খান এলাকায় গিয়ে দেখা যায়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আইডিয়াল স্কুল, সেন্ট মেরিস কিন্ডারগার্টেনসহ বেশ কয়েকটি বিদ্যালয় রয়েছে এখানে। সকাল সাড়ে আটটা-নয়টা এবং দুপুর সাড়ে ১২টা-একটার দিকে এই এলাকায় যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থী আনা-নেওয়ার কাজে ব্যবহার করা গাড়িগুলোর কারণেই এই জটের সৃষ্টি হয়। এলোপাতাড়িভাবে গাড়িগুলো চলাচলের কারণে ভোগান্তিতে পড়তে হয় লোকজনকে। রিকশারোহী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল হক বলেন, ‘জামাল খানে আমার অফিস। কিন্তু স্কুলের ছেলেমেয়েদের নিজস্ব গাড়ির কারণেই এখানে প্রতিদিন সকালে ও দুপুরে যানজট বাধে।’ একইভাবে নগরের দামপাড়া বাওয়া স্কুল, খুলশী ইস্পাহানি স্কুল, রাইফেল ক্লাব এবং নন্দনকাননের অপর্ণাচরণ সিটি করপোরেশন স্কুল এলাকায়ও একই দৃশ্য দেখা যায়। এ ব্যাপারে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, ‘শুধু আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের ব্যক্তিগত গাড়ির কারণে যানজট বাধে না। এখানে অন্যান্য স্কুলও রয়েছে। এর পরও আমরা চেষ্টা করছি নিজস্ব স্কুল পরিবহন নিশ্চিত করার জন্য।’