চট্টগ্রামের বেড়েছে ইলিশ আর মুরগির দাম
চট্টগ্রামের বাজারে এক সপ্তাহের ব্যবধানে আবারও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। এখন কেজিপ্রতি ১৫০ থেকে বেড়ে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে ইলিশ মাছের দাম, এক সপ্তাহে ৭০০ টাকা থেকে এক হাজার টাকায় উঠেছে।গতকাল শনিবার বিকেলে নগরের রিয়াজউদ্দিন বাজারে গিয়ে এ দৃশ্য দেখা গেছে। অথচ গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৪৫ থেকে ১৫০ টাকা। তবে দেশি মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা কমে ২৮০ থেকে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার (ডিমপাড়া মুরগি) মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। রিয়াজউদ্দিন বাজারের খুচরা ব্যবসায়ী গরীবে নেওয়াজ পোলট্রির মালিক খলিলুর রহমান বলেন, ‘ঈদ সামনে রেখে পোলট্রি ব্যবসায়ীরা চাহিদামতো মুরগি সরবরাহ করছেন না। তাই বাজারে মুরগির সংকট সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়ছে দামে।’নাহার পোলট্রির প্রশাসনিক কর্মকর্তা মো ওয়াহিদুর রহমান বলেন, ‘বিভিন্ন উৎসব-পার্বণে মূল্যবৃদ্ধি পাওয়াটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। পোলট্রি ফার্মগুলোতে মুরগি উৎপাদনে কোনো সমস্যা নেই। আমাদের কাছ থেকে যে পাইকারি ব্যবসায়ীরা কিনে নেন, তাঁরা হয়তো বেশি লাভে বিক্রি করছেন। এ কারণেই দাম বাড়ছে।’মুরগি ছাড়াও বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। কেজিপ্রতি পেঁয়াজে বেড়েছে তিন থেকে চার টাকা করে। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৪ টাকায়। মেসার্স জে কে ট্রেডার্সের বিক্রেতা মামুন জানান, ‘গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি করেছি ১৮ থেকে ২০ টাকায়। আর এ সপ্তাহে তা বেড়ে ২৪ টাকায় বিক্রি করছি।’ মাছের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ আবার কমেছে। পাশাপাশি বেড়েছে ইলিশ, লইট্যাসহ অন্যান্য মাছের দাম। বিক্রেতারা জানান, গত সপ্তাহে পূর্ণিমার প্রভাবে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ বেশি ধরা পড়েছিল। তাই দামও একটু সহনীয় পর্যায়ে নেমে আসে। কিন্তু চলতি সপ্তাহে সাগরে আশানুরূপ মাছ ধরা না পড়ায় এর প্রভাব বাজারে পড়েছে।লইট্যা মাছে ফরমালিনের প্রভাবের কারণে ক্রেতারা আশপাশে ঘুরাফেরা করলেও কিনছেন কম। তার পরও লইট্যা মাছের দাম ১৪০ টাকা। ৯০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশের দাম এক হাজারের ওপরে। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বাজারে বিক্রি হচ্ছে ৬৫০ টাকা। বাজারে সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের কাছাকাছি দামেই। গতকাল রিয়াজউদ্দিন বাজারে করলা, কাঁকরোল, বেগুন, ঢ্যাঁড়স, বরবটি, কাঁচা পেঁপে, চিচিঙ্গা কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পোটল, শসা, লাউ ২৫ টাকা এবং ঝিঙে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় কমেছে দাম। খুচরা বাজারে কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।