চট্টগ্রামের ব্যবসার প্রাণকেন্দ্র চাক্তাই সড়কের দুরবস্থা
পুরো সড়কই কাদায় মাখামাখি। মাঝে মাঝে ছোট-বড় গর্ত। দীর্ঘদিন ধরে সেগুলোতে বৃষ্টির পানি জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এই চিত্র চট্টগ্রাম নগরের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বলে খ্যাত পাইকারি বাজার চাক্তাইয়ের মূল সড়কের। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাক্তাইয়ের এক হাজার ২৫০টি পাইকারি দোকান থেকে পণ্য সংগ্রহে আগ্রহ হারিয়ে ফেলছেন চট্টগ্রামের উপজেলা ও পার্শ্ববর্তী জেলার ক্রেতা ব্যবসায়ীরা। সড়কের দুরবস্থার কারণে চাক্তাইয়ে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান তাঁরা। এই অবস্থার জন্য সিটি করপোরেশনের অবহেলাকে দায়ী করছেন ব্যবসায়ী নেতারা।চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, চাক্তাই বাজারে চালের চার শ পাইকারি দোকান রয়েছে। বিভিন্ন ব্যাংকের অন্তত ১০টি শাখা রয়েছে। এ ছাড়া তিনটি বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। এখানে প্রায় অর্ধ লাখ মানুষ বাস করে।চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, ‘চাক্তাইয়ে দৈনন্দিন ২৫-৩০ কোটি টাকার পণ্য বিক্রি হয়। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য ক্রয়ে বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীদের আগমন অনেক কমে গেছে। এই বর্ষা মৌসুমেই লেনদেন ২৫-৩০ শতাংশ কমেছে।’ এ ছাড়া সড়কের কারণে পরিবহনচালকেরা প্রতি গাড়িতে এক হাজার থেকে বার শ টাকা বেশি ভাড়া আদায় করছেন বলে জানা গেছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের চাক্তাই শাখার ব্যবস্থাপক মো. শওকত হোসেন বলেন, ‘আগের মতো ভালো গ্রাহক পাচ্ছি না। ব্যাংকিং কার্যক্রমেও ভাটা পড়েছে।’ সরেজমিনে দেখা গেছে, চামড়ার গুদাম এলাকা থেকে শুরু হয়ে রাজাখালী সড়কে শেষ হওয়া দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কের প্রায় সব জায়গায় ছোট-বড় গর্ত রয়েছে।চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং সাবেক ওয়ার্ড কমিশনার মো. জামাল হোসেন বলেন, সিটি করপোরেশন গত চার বছরে গুরুত্বপূর্ণ এ সড়কের কোনো ধরনের সংস্কার করেনি। দুই বছর আগে সড়কের তুলনায় উঁচু করে নালা নির্মাণ করার ফলে রাস্তায় বৃষ্টির পানি জমে থাকে। এতে ভারী যানবাহন চলাচল করায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।চাক্তাইয়ের প্রবীণ ব্যবসায়ী আহমদ হাজি বলেন, রাস্তায় জমে থাকা কাদার দুর্গন্ধের কারণে দোকানে বসে থাকা যায় না। আরেক ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কের চেয়ে গ্রামের সড়কগুলো অনেক ভালো আছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. এয়াকুব নবী বলেন, ‘চাক্তাইয়ের অভ্যন্তরীণ সড়কগুলোর দুরবস্থার ব্যাপারে আমরা অবগত। বর্ষা শেষ হওয়ার পরপরই সড়কগুলোর সংস্কারকাজ শুরু করা হবে।’