চট্টগ্রামের ব্যবসায়ীদের রোদের জন্য প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতভর থেমে থেমে বৃষ্টি। ছিল গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত। মুখ ভার করা আকাশ দিচ্ছে আরও বৃষ্টির পূর্বাভাস। তেমনি মুখ ভার রিয়াজউদ্দিন বাজারের দোকানিদের। শুক্রবার ছুটির দিন হিসেবে ক্রেতাদের তেমন ভিড় নেই। বিসমিল্লাহ গার্মেন্টস নামের দোকানের মালিক বাজার কমিটির যুগ্ম সম্পাদক আবুল কাশেম বলেই ফেললেন, ‘এমন ঈদের মৌসুমে আমরা আজ দুপুরে প্রথম একটি পোশাক বিক্রি করেছি।’রিয়াজউদ্দিন বাজারে আসা-যাওয়ার পথটিতে গতকাল সকালের বৃষ্টিতে পানি জমে গিয়েছিল। তিন দিন ধরে এভাবে চট্টগ্রামের ঈদের বাজারে বৃষ্টির উত্পাত চলছে। বুধবার থেকে বৃষ্টি হলেও গতকাল মাত্রা ছিল বেশি। শুধু রিয়াজউদ্দিন বাজার নয়, নিউমার্কেট, জহুর হকার্স মার্কেট, লাকি প্লাজাসহ বেশির ভাগ বিপনীবিতানে ক্রেতাদের ভিড় কম দেখা গেছে। বৃষ্টির কারণেই এ অবস্থা বলে ক্রেতা-বিক্রেতারা জানান।দোকানিরা বলেন, এবার ঈদ হবে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। চাকরিজীবীদের অনেকে এখনো বেতন-বোনাস পাননি। এ কারণে অন্যান্য বছর এমন সময় যে পরিমাণ ক্রেতা এসেছে, এবার সেভাবে এখনো আসেনি। তার ওপর দুই-তিন দিনের বৃষ্টিতে একেবারে মন্দাভাব নেমেছে বাজারে।নিউমার্কেটের অদুদ ফ্যাশনের দোকানি আবদুর রহিম বলেন, ‘শুক্রবার হিসেবে বেচাবিক্রি একটু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে লোকজন কম বের হয়েছে।’ মধ্যবিত্তদের বিপনীবিতান হিসেবে খ্যাত নিউমার্কেটে গতকাল বিকেলেও ক্রেতাদের উপস্থিতি ছিল কম। বৃষ্টি না থাকলেও আকাশ ছিল মেঘে ঢাকা।নিউমার্কেটে কথা হয় ক্রেতা শওকত ইসলামের সঙ্গে। তিনি জানান, ‘আজ বন্ধের দিন। তাই পরিবার নিয়ে সকালে আসব চিন্তা করেছিলাম। কিন্তু বের হতে পারিনি।’ ওই মার্কেটের তৃতীয় তলার পাঞ্জাবির দোকান উল্লাস, থ্রিপিসের দোকান ঝিনুক ও হ্যান্ডিবাজারের দোকানিদের মুখেও একই ধরনের হতাশা।নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের বাজার হিসেবে পরিচিত রিয়াজউদ্দিন বাজার ও জহুর হকার্স মার্কেটেও ক্রেতা ছিল কম। ফুটপাতের হকারদের হাত গুটিয়ে বসে থাকার অবস্থা। বৃষ্টিতে বিক্রির চেয়ে তাঁদের ব্যস্ত থাকতে হয়েছে মালামাল রক্ষায়। ফুটপাতের শরীফ, জহুর হকার্স মার্কেটের ফয়েজ গার্মেন্টসের শাহাবুদ্দিন সবার কণ্ঠে রোদের জন্য প্রার্থনা। রিয়াজউদ্দিন বাজারের কেটিএম পাঞ্জাবি কালেকশনের মালিক তারিকুল হক বলেন, ‘ছুটির দিন হিসেবে আজ সেভাবে জমেনি। সকালে গ্রাহকই ছিল না। এখন কিছু আসছে।’সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলের আলোচিত নাম অক্টোপাস, শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ ইত্যাদি শব্দগুলোও ঈদবাজারে ঠাঁই পেয়েছে। এসব নামে শিশু-কিশোরীদের পোশাকের নামকরণ করা হয়েছে। গতবারের ঈদবাজারে সাড়া জাগানো মাসাককালিও আছে। তবে বড়দের বেলায় চলছে হিন্দি সিরিয়ালের কলাকুশলীদের আদলে তৈরি থ্রিপিস, শাড়ি ও লেহেঙ্গা। এত সম্ভার নিয়ে এখন ব্যবসায়ীদের প্রতীক্ষা শুধু একটু রোদের জন্য। কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী দু-এক দিন থেমে থেমে বৃষ্টি চলবে।