চট্টগ্রামের মতো সিলেটেও শ্রম আদালত স্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার দুপুরে সিলেট চেম্বারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
সিলেট চেম্বার ভবনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ। মতবিনিময় সভার শুরুতে বর্তমান সরকারকে অত্যন্ত ব্যবসাবান্ধব বলে অভিহিত করে অর্থমন্ত্রীকে সিলেটের ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধার প্রতি সর্বদা সচেষ্ট থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সম্প্রতি সিলেট চেম্বারের আবেদনের পরিপ্রেক্ষিতে চুনাপাথর ও বোল্ডার পাথর আমদানির ক্ষেত্রে বর্ধিত আমদানি শুল্ক হ্রাস করায় অর্থমন্ত্রীকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানানো হয়।
পাশাপাশি ২০১৭-১৮ অর্থবছরের জন্য একটি ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়ন করায় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।
বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান প্রমুখ অংশ নেন।