
দুই দশক আগে চট্টগ্রাম নগরের জন্য করা মহাপরিকল্পনা হালনাগাদ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই সময়ে নগরের ব্যাপ্তি বাড়ার সঙ্গে সমস্যার ধরনেও অনেক পরিবর্তন হয়েছে। তাই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মহাপরিকল্পনা সংশোধন করতে হবে। পরিকল্পনা অনুযায়ী নগরের উন্নয়নকাজ না হওয়ায় মহাপরিকল্পনার বিষয়টি কাগুজে দলিল হিসেবেই থেকে গেছে।
চট্টগ্রাম মহানগরীর মহাপরিকল্পনা প্রণয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। গতকাল রোববার দুপুরে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এই সভা হয়। অনুষ্ঠানে সিটি মেয়র ও সিডিএ চেয়ারম্যান নগরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন।
সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ১৯৯৫ সালে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ছিল সিটি করপোরেশনের। কিন্তু করপোরেশন তা করেনি। ২০ বছরেও এই মহাপরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় জলাবদ্ধতা এখন চট্টগ্রাম নগরের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর নতুন নতুন এলাকায় জলাবদ্ধতা হচ্ছে। মহাপরিকল্পনা তাই আজ বইয়ের মধ্যে সীমাবদ্ধ।
আ জ ম নাছির বলেন, সিটি করপোরেশনের একার পক্ষে নগরের জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়। জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন ও সিডিএ ঐক্যবদ্ধ ও পরিকল্পিতভাবে ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
মেয়র বলেন, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মহাপরিকল্পনা হালনাগাদ ও সংশোধন করতে হবে। ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। সেখানে দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার লোকজন সম্পৃক্ত থাকবেন। একেবারে তৃণমূল পর্যায়ে সভা করে সমস্যা চিহ্নিত করে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘আর ভেদাভেদ নয়, বিভক্তি নয়। সিটি করপোরেশন ও সিডিএ ঐক্যবদ্ধভাবে মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। সিটি করপোরেশনের সঙ্গে কাজ করে চট্টগ্রামের চেহারা পাল্টে দিতে চাই।’ তিনি বলেন, ১৯৯৫ সালের মহাপরিকল্পনায় কিছু কিছু অসংগতি রয়েছে। কারণ এটি প্রণয়নের সময় জনগণের সম্পৃক্ততা ছিল না। এখন সিটি করপোরেশনের কাউন্সিলরদের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে নতুন মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে।
সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সিটি করপোরেশন ও সিডিএ যৌথভাবে উদ্যোগ নিয়ে মহাপরিকল্পনার যুগোপযোগী সংস্কার ও বাস্তবায়ন করতে পারে। এ ক্ষেত্রে সিডিএ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে সিটি করপোরেশনকে সরবরাহ করবে।
সভা পরিচালনা করেন মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ছাড়াও উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এবং সিডিএর প্রধান প্রকৌশলী মোহাম্মদ জসীম উদ্দিন ও সচিব তাহেরা ফেরদৌস।