আগামীকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। বিভাগের ১১টি জেলার মধ্যে পাঁচটি জেলার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে এ মতবিনিময় সভা হবে। চট্টগ্রাম জেলার মূল সভাটি হবে নগরের লালদীঘি ময়দানে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলা চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার ও রাঙামাটির মানুষ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন বলেন, চট্টগ্রাম নগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজারসহ মোট ১ হাজার ৪৮৪টি স্থানে মাল্টিমিডিয়া প্রজেক্টর বসানো হবে। এসব প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর মতবিনিময় সরাসরি প্রচার করা হবে।
জেলা প্রশাসক বলেন, দেশে এটাই প্রথম ভাচ্যু৴য়াল মতবিনিময় সভা, যেখানে পুরো বিভাগের সবাই সম্পৃক্ত থাকবেন। চট্টগ্রাম জেলার অনুষ্ঠান সকাল সাড়ে নয়টায় লালদীঘির ময়দানে শুরু হবে। প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারপর আলোচনা অনুষ্ঠান হবে। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন। লালদীঘি ময়দানে যাঁরা উপস্থিত থাকবেন, তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করতে পারবেন। জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এ সভায় অংশ নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম সাহা (সার্বিক), মো. দৌলতুজ্জামান খান (এলএ), আবদুল জলিল (রাজস্ব), হাবিবুর রহমান (শিক্ষা ও আইসিটি) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খোরশেদ আলম।