তিন ছাত্রকে প্রহারের অভিযোগে এক শিক্ষককে বদলির দাবিতে একদল শিক্ষার্থী গতকাল বুধবার চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলের সামনে বিক্ষোভ করেছে। পরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে বদলির আশ্বাস দিলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরে যায়।সূত্রের ভাষ্যমতে, জন্মনিবন্ধন সনদ আনতে দেরি হওয়ায় মঙ্গলবার সপ্তম শ্রেণীর ছাত্র ওবায়দুলকে সহকারী শিক্ষক জেবুন্নেসা বেগম ঘুষি মারেন। একই দিন মধ্যাহ্ন বিরতির পর দেরিতে শ্রেণীকক্ষে ফেরায় দশম শ্রেণীর ছাত্র রিদোয়ান ও শুভকে স্কেল দিয়ে পেটান ওই শিক্ষক।প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, গতকাল দুপুর ১২টার দিকে জেবুন্নেসা বেগমের বদলির দাবিতে মুসলিম হাইস্কুলের শতাধিক শিক্ষার্থী স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে।মাউশির উপপরিচালক মো. আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি দ্রুত পরিস্থিতি প্রশমনের জন্য স্কুলের শিক্ষক জেবুন্নেসা বেগমকে বদলির আশ্বাস দিলে সাড়ে ১২টার দিকে ছাত্ররা সড়কের ওপর থেকে সরে যায়। আজকের (বৃহস্পতিবার) মধ্যে ওই শিক্ষক বদলি হয়ে যেতে পারেন। তাঁকে আপাতত বিদ্যালয়ে না যেতে অনুরোধ করেছি।’ তিনি বলেন, ‘আমি তিন শিক্ষার্থী, তাদের অভিভাবক ও জেবুন্নেসা বেগমের সঙ্গে কথা বলেছি। ওবায়দুলের চিবুকে আঘাতের চিহ্ন মিলিয়ে গেলেও রিদোয়ান ও শুভর শরীরে স্কেলের আঘাতের চিহ্ন দেখেছি। তবে জেবুন্নেসা বেগম দাবি করেছেন, তিনি ছাত্রদের মারেননি।’এ ব্যাপারে জেবুন্নেসা বেগমের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।