চট্টগ্রামের মেজবান এখন লন্ডনে
বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অনেক উপাদান ইতিমধ্যে ঠাঁই করে নিয়েছে সুদূর যুক্তরাজ্যে। পিঠা উৎসব, বৈশাখী মেলা, বইমেলা কিংবা বাঙালি বিয়ের মতো জমজমাট আয়োজন লন্ডনে প্রায়ই দেখা যায়। এসবের সঙ্গে এবার যুক্ত হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।
দূর পরবাসে সাদা ভাত, গরুর মাংস আর ডালের এই ভোজ আয়োজন যে কতটা উৎসবমুখর হয়ে উঠতে পারে, তারও প্রমাণ মিলল পূর্ব লন্ডনের মালব্যারি ব্যাঙ্কুয়েটিং মিলনায়তনে গত রোববার মেজবানের আয়োজনে। এতে বাড়তি মাত্রা যোগ করেছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাজ্যের গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে এ মেজবানে শুধু চট্টগ্রামবাসী নয়; সিলেট, নোয়াখালীসহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের আগমন ঘটে।
আয়োজক সংগঠনের প্রধান আইনজীবী মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সাধারণ মেজবানিতে গরুর মাংস রান্না করা হয়। কিন্তু বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করে তাঁরা গরুর বদলে ভেড়ার মাংস রান্না করেছেন। তিনি বলেন, এ নিয়ে তাঁরা দ্বিতীয়বার মেজবান আয়োজন করলেন। গতবার খাবার কম পড়ে যাওয়ায় এবার জনপ্রতি পাঁচ পাউন্ড দামের টিকিট চালু করা হয়। তারপরও গতবারের চেয়ে এবার প্রায় দ্বিগুণ—প্রায় আড়াই হাজার লোকসমাগম হয়েছে।
লন্ডনের আশপাশের এলাকাসহ স্কটল্যান্ড, ম্যানচেস্টার, বার্মিংহামের মতো দূরদূরান্তের শহরগুলো থেকেও চট্টগ্রামবাসী অনেকে ছুটে এসেছেন ঐতিহ্যবাহী এ আয়োজনে শামিল হতে। সবচেয়ে লক্ষণীয় ছিল নারী ও শিশু-কিশোরদের সরব উপস্থিতি। সাপ্তাহিক ছুটির দিনে আয়োজন হওয়ায় পরিবারগুলো হাজির হয়েছে সদলবলে। এ যেন সুদূর প্রবাসে আত্মীয়স্বজন কিংবা পরিচিতজনদের সঙ্গে পরিবার নিয়ে আনন্দঘন একটি দিন কাটানোর মোক্ষম আয়োজন। তার চেয়েও বড় ব্যাপার যেন একান্ত আপন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রাণ খুলে কথা বলার স্বাধীনতা।
আয়োজনস্থলে বারবারই কানে ভেসে আসছিল ‘বদ্দা গম আছন্না, অনার ফোন নম্বরত আঁত্তুন নাই পল্লার’। কিংবা নারী কণ্ঠে শোনা যাচ্ছিল, ‘ওআল্লা ভাবি, অনার লগে আঁর খতদিন দেকা ন অয়।’ কেউবা অন্যের খোঁজ নিচ্ছেন, ‘...তারা ন আইস্যে?’
ম্যানচেস্টার থেকে আসা মনিরুল বলেন, তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক মেয়েকে নিয়ে এসেছেন। তাঁর মতে, সন্তানদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মেজবান একটি বড় সুযোগ।
মনোয়ার হোসেন আরও বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এ মেজবানের আয়োজন। চট্টগ্রামবাসীসহ অন্যান্য জেলার লোকদের মধ্যে এবারের মেজবান যে সাড়া ফেলেছে, তাতে ভিড় সামলাতে হয়তো ভবিষ্যতে খোলা কোনো মাঠে এ আয়োজন করতে হবে।
খাওয়ার পর সবাই আবার ভিড় জমান সাংস্কৃতিক আয়োজনে। ‘নাতিন বরই খা,’ ‘ও জেডা ফইরার বাপ’ কিংবা ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’-এর মতো পুরোনো জনপ্রিয় গানের পাশাপাশি মঞ্চে পরিবেশিত হয় হালে শ্রোতাপ্রিয় ‘রসিয়া বন্ধু রে পরানের বন্ধু রে’ কিংবা ‘কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোয়ারে’-এর মতো গানগুলোও। মঞ্চ মাতাতে ছুটে আসেন শিল্পী তপন চৌধুরী। সংগীত পরিবেশন করেন স্থানীয় বাংলা সংগীতশিল্পী লাবণী বড়ুয়া, রুবাইয়াৎ জাহান ও রুকসানা সাফাসহ অনেকে। ছিল যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।